হাসান আলীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ মো. হাসান আলী
সৈয়দ মো. হাসান আলী

মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে কিশোরগঞ্জের তাড়াইলের রাজাকার কমান্ডার সৈয়দ মো. হাসান আলীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পলাতক এই আসামিকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে অথবা গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন। এ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক। এ নিয়ে মানবতাবিরোধী অপরাধের ১৯টি মামলার রায় ঘোষণা করা হলো। এর মধ্যে নয়টি মামলার রায় ঘোষণা করলেন ট্রাইব্যুনাল-১। বাকি ১০টি মামলার রায় দিয়েছেন ট্রাইব্যুনাল-২।
গতকাল হাসান আলীর বিরুদ্ধে মামলার রায়ে ট্রাইব্যুনাল-১ বলেন, আসামির বিরুদ্ধে গঠন করা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তৃতীয় ও চতুর্থ অভিযোগ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে তঁাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠ অভিযোগে তাঁকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া হয়। প্রমাণিত না হওয়ায় প্রথম অভিযোগ থেকে খালাস পান।
সাজা ঘোষণার সময় ট্রাইব্যুনাল বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে মৃত্যুদণ্ড কীভাবে কার্যকর করা হবে, এ নিয়ে সুনির্দিষ্ট কিছু বলা নেই। ফৌজদারি কার্যবিধিতে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের কথা আছে। আর ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে বলা হয়েছে, ওই আইনের অধীনে ফাঁসিতে ঝুলিয়ে অথবা গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে। এ জন্য ট্রাইব্যুনাল মনে করেন, ফাঁসিতে ঝুলিয়ে বা গুলি করে—সরকার যেভাবে চাইবে, সেভাবে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে।
মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান বলেন, এর আগে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় বিচারিক আদালত আসামিদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছিলেন। তবে উচ্চ আদালত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন।
পলাতক থাকায় আসামির অনুপস্থিতিতে এই বিচার করতে হয়েছে বলে রায় ঘোষণার আগে ট্রাইব্যুনাল হতাশা প্রকাশ করেন। ট্রাইব্যুনাল বলেন, ট্রাইব্যুনাল শুধু গ্রেপ্তারি পরোয়ানা জারি বা পলাতক আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের মতো আইনি দায়িত্ব পালন করতে পারেন। কিন্তু পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। গ্রেপ্তার করতে না পারায় ট্রাইব্যুনাল উৎকণ্ঠাও জানিয়েছেন। আসামি উপস্থিত থাকলে তিনি যেমন আত্মপক্ষ সমর্থন করতে পারতেন, তেমনি বিচারের গ্রহণযোগ্যতা বেশি হতো। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রপক্ষ, তদন্ত সংস্থাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব রয়েছে। পলাতক হাসান আলীকে খুঁজে বের করে সাজা কার্যকর করার জন্য স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
দুই ট্রাইব্যুনালে এ পর্যন্ত পাঁচটি মামলায় ছয়জন আসামির পলাতক অবস্থায় বিচার হয়েছে। ট্রাইব্যুনাল-১ তিনটি ও ট্রাইব্যুনাল-২ দুটি মামলার রায় দিয়েছেন পলাতক আসামিদের বিরুদ্ধে। পলাতক ওই ছয় আসামিকে এ পর্যন্ত গ্রেপ্তার বা খুঁজে পায়নি পুলিশ।
গণহত্যার দায়ে মৃত্যুদণ্ড: তৃতীয় অভিযোগে বলা হয়েছে, ১৯৭১ সালের ৯ সেপ্টেম্বর হাসান আলী, রাজাকার ও পাকিস্তানি সেনারা তাড়াইল থানার শিমুলহাটি গ্রামের পালপাড়ার অক্রুর পালসহ ১২ জনকে হত্যা করে ঘরবাড়িতে আগুন দেন। চতুর্থ অভিযোগ অনুসারে, ২৭ সেপ্টেম্বর বড়গাঁও গ্রামের মরকান বিলে বেলংকা রোডে সতীশ ঘোষসহ আটজনকে হত্যা করে হাসান আলী ও সহযোগী রাজাকাররা। এ দুটি অভিযোগে হাসান আলীর বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটন ও সহযোগিতার অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেন।
তিন অভিযোগে আমৃত্যু কারাদণ্ড: দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠ অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দায়ে হাসান আলীকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। দ্বিতীয় অভিযোগ অনুসারে, একাত্তরের ২৩ আগস্ট হাসান আলী, রাজাকার ও পাকিস্তানি সেনারা কোনাভাওয়াল গ্রামের তফাজ্জল হোসেন ভূঁইয়াকে হত্যা করে দুটি ঘর লুট ও দুজনকে অপহরণ করে। পঞ্চম অভিযোগ, ৮ অক্টোবর হাসান আলী, রাজাকার ও পাকিস্তানি সেনারা আড়াইউড়া গ্রামের কামিনী কুমার ঘোষ ও জীবন ঠাকুরকে হত্যা করে ঘরবাড়ি লুট করে। ষষ্ঠ অভিযোগ, ১১ ডিসেম্বর হাসান আলী ৩০-৪০ জন রাজাকার ও পাকিস্তানি সেনাদের সঙ্গে নিয়ে সাচাইল গ্রামের শতাধিক ঘরে অগ্নিসংযোগ করে এবং গ্রামের আবদুর রশিদকে হত্যা করে।
রায়ে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা গ্রামে ১৯৪৭ সালে হাসান আলীর জন্ম হয়। তাঁর বাবা সৈয়দ মোসলেম উদ্দিন একাত্তরে পূর্ব পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান ও কিশোরগঞ্জ মহকুমা শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। বাবার মুক্তিযুদ্ধবিরোধী আদর্শে উদ্বুদ্ধ হয়ে হাসান আলী রাজাকার বাহিনীতে যোগ দেন এবং তাড়াইল থানার রাজাকার কমান্ডার হন। গত বছরের ৩ এপ্রিল তাঁকে গ্রেপ্তারের জন্য ট্রাইব্যুনাল পরোয়ানা জারি করেন। আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে গ্রেপ্তার করতে না পারায় পলাতক ঘোষণা করে তাঁর বিচার শুরু হয়। তাঁর পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পান আবদুস শুকুর খান। ১১ নভেম্বর হাসান আলীর বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ গঠন করা হয়। ৮ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষে ২৬ জন সাক্ষ্য দেন।
হাসান আলীর মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্টি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। তবে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান সাংবাদিকদের বলেন, ‘হাসান আলীর আত্মসমর্পণ করে আপিল করা উচিত। আপিল করলে রায় তাঁর পক্ষে যাবে বলে আমার বিশ্বাস।’
তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, হাসান আলীর মৃত্যুদণ্ডের আদেশ দ্রুত কার্যকর দেখতে চান শহীদ পরিবারের স্বজনেরা। শিমুলহাটি গ্রামের শহীদ অক্রুর চন্দ্র পালের ছেলে সুনীল চন্দ্র পাল রায়ের পর প্রতিক্রিয়ায় বলেন, ‘তাঁকে (হাসান আলী) গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করা হলে আমার বাবার আত্মা শান্তি পাবে।’ চিকনি গ্রামের শহীদ জীবন চক্রবর্তীর ছেলে নারায়ণ চক্রবর্তীও একই প্রতিক্রিয়া জানান। আড়াইউড়া গ্রামের শহীদ কামিনী ঘোষের ছেলে নীপেন্দ্র চন্দ্র ঘোষ বলেন, হাসান আলীকে গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করতে হবে।
হাসান আলীর মৃত্যুদণ্ডের রায়ের পর কিশোরগঞ্জ জেলা সদরে মুক্তিযোদ্ধারা আনন্দ মিছিল করেন।