
ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হাসান খালেদকে (৫৪) অপহরণ ও হত্যার অভিযোগ ‘তথ্যগতভাবে ভুল’ উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। প্রতিবেদনে বলা হয়েছে, অধিক চিন্তামগ্ন অবস্থায় তিনি নিজের অজান্তেই বুড়িগঙ্গা নদীতে ডুবে মারা যান। কিন্তু কীভাবে তিনি ধানমন্ডির বাসা থেকে বুড়িগঙ্গার তীর পর্যন্ত গেলেন, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
তবে হাসান খালেদের পরিবারের সদস্যরা বলছেন, এটি অবিশ্বাস্য। তাঁরা মামলাটি পুনঃতদন্তের দাবি জানিয়েছেন।
গত বছরের ২৩ জুলাই ধানমন্ডি থেকে নিখোঁজ হন হাসান খালেদ। তিন দিন পর কামরাঙ্গীরচর থানা ভবন থেকে ৩০০-৪০০ গজ দূরে বুড়িগঙ্গা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রথমে ধানমন্ডি থানায় একটি জিডি করা হয়। পরে অপহরণ ও হত্যার অভিযোগে মামলা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ) মামলাটি তদন্ত করে। গত ১৬ এপ্রিল এ মামলার চূড়ান্ত প্রতিবেদন দেন তদন্তকারী কর্মকর্তা এসআই নেওয়াজ উদ্দিন।
চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার দিন সকাল সাড়ে আটটার দিকে হাসান খালেদ বাসা থেকে বের হন। এরপর ‘কোনোক্রমে’ বুড়িগঙ্গা নদীর ঘাটে চলে যান। ওই সময় তিনি ‘অধিক চিন্তামগ্ন’ থাকায় নিজের অজান্তেই নদীতে পড়ে যান। আর সাঁতার না জানায় পানিতে ডুবে মারা যান। পানিতে পড়ার কারণ হিসেবে প্রতিবেদনে হাসান খালেদের ‘অসতর্কতা’কে দায়ী করা হয়। ‘অধিক চিন্তামগ্ন’ থাকার কারণ হিসেবে বলা হয়েছে ব্যবসায়িক মন্দা, স্ত্রীর ক্যানসারে আক্রান্ত হওয়া এবং ব্যাংক থেকে নেওয়া ঋণ শোধ করতে না পারা।
তদন্ত প্রতিবেদনের ব্যাপারে জানতে চাইলে হাসান খালেদের স্ত্রী দিলারা খালেদ প্রথম আলোকে বলেন, ‘তদন্ত প্রতিবেদনে “আত্মহত্যা” বলা হলেও আমি সেটা বিশ্বাস করি না। আত্মহত্যা করতে কারও বুড়িগঙ্গায় যাওয়ার প্রয়োজন পড়ে না।’ তিনি বলেন, নিখোঁজ হওয়ার দিন সকালে তিনি নিজে হাঁটতে বেরিয়েছিলেন। বাসায় ফেরার সময় লিফটের কাছে হাসান খালেদের সঙ্গে তাঁর দেখা হয়। হাতে থাকা একটি চিকিৎসার ব্যবস্থাপত্র দেখিয়ে হাসান খালেদ তাঁকে বলেন ‘ওষুধ নিয়ে আসছি’।
দিলারা খালেদ বলেন, কেউ আত্মহত্যা করতে চাইলে তিনি নিজের ওষুধ কিনতে যাবেন কেন? হাঁটার প্রয়োজনে হাসান খালেদ কখনো বুড়িগঙ্গায় গেছেন এমন কথা তিনি শোনেননি। ঋণগ্রস্থ হওয়ার ব্যাপারে দিলারা খালেদ বলেন, সব ব্যবসায় উত্থান-পতন থাকে। খালেদের ব্যাংকঋণ ছিল মাত্র ৩৮ লাখ টাকা। তাঁর যে সম্পদ আছে, তা দিয়ে এই ঋণ শোধ করা কোনো ব্যাপারই না। তাঁর নিজের চিকিৎসা নিয়েও কোনো চাপ ছিল না।
ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, হাসান খালেদ নিখোঁজ হওয়ার সময় তাঁর সঙ্গে দুটি মুঠোফোন ছিল। ফোন দুটি ওই দিন সকালে বাসার কাছেই বন্ধ হয়ে যায়। তদন্তে মুঠোফোন দুটির ব্যাপারেও কোনো তথ্য নেই।
পুলিশের তদন্তের ব্যাপারে হাসান খালেদের ছোট ভাই মুরাদ হাসান প্রথম আলোকে বলেন, ‘কীভাবে তিনি বুড়িগঙ্গা পর্যন্ত গেলেন তদন্তে তার উত্তর পাওয়া যায়নি। আমরা সন্দেহ করি, তাঁকে অপহরণের পর হত্যা করা হয়েছে। পুনঃতদন্তের জন্য আদালতে আবেদন করা হয়েছে।’
জানতে চাইলে ডিবি দক্ষিণের ভারপ্রাপ্ত উপকমিশনার মো. শহিদুল্লাহ প্রথম আলোকে বলেন, তদন্তে অপহরণ বা হত্যার আলামত মেলেনি। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী, পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে।