হাসান খালেদের মৃতদেহের ময়নাতদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হাসান খালেদের মৃতদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। গতকাল বুধবার দুপুরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) মর্গে এই ময়নাতদন্ত শেষ হয়।
হাসান খালেদের ছোট ভাই মুরাদ হাসান গতকাল সাংবাদিকদের জানান, ময়নাতদন্ত শেষে তাঁর ভাইয়ের লাশ ধানমন্ডির বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, জিগাতলা জামে মসজিদ ও ধানমন্ডি সাত মসজিদ সড়কে ঈদগাহ মাঠে দুই দফা জানাজা হওয়ার পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বাবার পাশে তাঁকে দাফন করা হবে।
মুরাদ হাসান আরও জানান, তাঁর বড় ভাইয়ের মৃত্যুর ঘটনায় গতকাল দুপুর পর্যন্ত মামলা করা হয়নি। এ বিষয়ে দাফনের পর সিদ্ধান্ত নেওয়া হবে।
নিখোঁজ হওয়ার তিন দিন পর গত মঙ্গলবার দুপুরে বুড়িগঙ্গা নদী থেকে হাসান খালেদের (৫৪) লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলেছে, তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।
ব্যবসায়ী হাসান খালেদ শনিবার সকালে ওষুধ কিনতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। ওই দিন রাতে এ ব্যাপারে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর শ্যালক শরিফুল আলম। সোমবার পুলিশ জানায়, হাসান খালেদের মুঠোফোন ট্র্যাক করে দেখা গেছে, বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই তাঁর দুটি মুঠোফোনই বন্ধ হয়ে যায়। স্বজনেরাও তাঁর নিখোঁজ হওয়ার পেছনে কোনো কারণ জানাতে পারেননি।