হাসান পেল জিপিএ-৫, পরিবার জমি

অন্যের বাড়িতে থেকে লেখাপড়া করে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আলী হাসানের পরিবারকে ২০ শতাংশ জমি দিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার হাসানের বাবা আবদুর রশিদের কাছে জমির দলিল হস্তান্তর করেন শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান।
আলী হাসানের বাড়ি শাহজাদপুর উপজেলার কৈজুরী গ্রামে। পরিবার ভূমিহীন। ফলে পরিবার অন্যের জমিতে তোলা ঘরে থাকে। আর আলী হাসান ওই গ্রামের অন্যের বাড়িতে থেকে লেখাপড়া করেছে। এভাবে লেখাপড়া করে ২০১৫ সালে গ্রামের ঠুটিয়া উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয় সে। বিষয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদের জানতে পারেন। তিনি পরিবারটিকে বাড়ি করার জন্য জমি দেওয়ার ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী ইউএনওর উদ্যোগে সহকারী কমিশনার আরিফুজ্জামান আজ দুপুরে নিজ কার্যালয়ে পরিবারের কাছে জমির দলিল হস্তান্তর করেন।
জানতে চাইলে ইউএনও শামীম আহমেদ প্রথম আলোকে বলেন, কৈজুরী গ্রামে খাস জমি থেকে ২০ শতাংশ পরিবারটিকে দেওয়া হয়েছে। আশা করি পরিবারটি এখন নিজ জমিতেই বসবাস করবে। আলী হাসানও লেখাপড়া চালিয়ে যাবে।
আলী হাসানের বাবা আবদুর রশিদ বলেন, ইউএনও স্যারের জন্যই আজ আমাদের মাথা গোঁজার একটা ঠাঁই হলো। এখন থেকে আমার ছেলেকে অন্যর বাড়িতে থেকে লেখাপড়া করতে হবে না।