হাসান মঞ্জুরকে মহাজোটের প্রার্থী ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে সেনবাগ উপজেলা জাতীয় পাটির (জাপা) সভাপতি হাসান মঞ্জুরকে মহাজোটের প্রার্থী ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন দলটির নেতা-কর্মীরা। গতকাল রোববার বিকেলে সেনবাগ পৌর শহরের দক্ষিণ বাজারে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সোনাইমুড়ী-চন্দেরহাট সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত স্থায়ী এ মানববন্ধন ও সমাবেশে জাতীয় পার্টির নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশ নেন। মানববন্ধন শেষে একটি মৌন মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি পরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস কুদ্দুস, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম চৌধুরী, পৌর জাতীয় পার্টির সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক ফখর উদ্দিন, উপজেলা যুবসংহতির সদস্যসচিব জাহিদুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, নোয়াখালী-২ আসনে মহাজোটের প্রধান শরিক দল আওয়ামী লীগ একাধিক ভাগে বিভক্ত। দীর্ঘদিন ধরে এখানে দলটির উপজেলা কমিটিও নেই। দলের প্রার্থিতা নিয়েও রয়েছে নানা মতভেদ। পক্ষান্তরে জাতীয় পার্টি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠিত। এ অবস্থায় আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিলে অাসন্ন নির্বাচনে  আসনটিতে জয়লাভের সুযোগ রয়েছে।