হাসান সাইদ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে হত্যাচেষ্টা মামলায় স্বামী হাসান সাইদকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাইদকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেননি। ডিবি সূত্র জানায়, চার দফায় ছয় দিনের রিমান্ড শেষে গতকাল তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) বাহাউদ্দিন ফারুকী আবারও সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে সাইদকে আদালতে পাঠান। সাইদের আইনজীবী মনোয়ারুল ইসলাম রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। তিনি আদালতকে বলেন, সাইদকে ছয় দিনের রিমান্ডে নিলেও মামলার কোনো অগ্রগতি হয়নি। বারবার রিমান্ডে নিয়ে তাঁর স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে। তিনি সাইদের জামিনের আবেদন জানান। শুনানি শেষে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান রিমান্ড ও জামিনের আবেদন—দুই-ই নাকচ করে সাইদকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।বাদী পক্ষে মামলা পরিচালনা করেন হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদা আক্তার।গত ৫ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা মনজুর তাঁর বাবার ধানমন্ডির বাসায় স্বামী হাসান সাইদের নির্মম নির্যাতনের শিকার হন। রুমানার দুই চোখে আঙুল ঢুকিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়। কামড়ে নাকের ডগা ছিঁড়ে ফেলা হয়। আঘাত করা হয় মাথায়। এ ঘটনায় ৬ জুন রুমানার বাবা মনজুর হোসেন বাদী হয়ে হাসান সাইদকে আসামি করে ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার মামলা করেন। এরপর ১৫ জুন ডিবি পুলিশ নগরের মুগদাপাড়ার বাসা থেকে সাইদকে গ্রেপ্তার করে। এদিকে রুমানাকে ল্যাবএইড হাসপাতালে কয়েক দিন চিকিৎসার পর ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে নেওয়া হয়। তাঁর একটি চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আরেকটির অবস্থা মোটেও ভালো নয়। এরপর রুমানা দেশে ফিরে আসেন। এখন ল্যাবএইড হাসপাতালে তাঁর ক্ষতিগ্রস্ত মুখমণ্ডলের চিকিৎসা চলছে।