হাসান সাইদের হাত বাঁধা ও মুখ পলিথিনে মোড়ানো ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরের স্বামী হাসান সাইদ হাত বাঁধা ও মুখে পলিথিন ব্যাগ মোড়ানো অবস্থায় প্রিজন সেলের বাথরুমে পড়ে ছিলেন। তাঁকে প্রথম যাঁরা দেখেছিলেন তাঁরা জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।পুলিশ ওই কক্ষ থেকে নাইলনের দড়ি ও পলিথিনের ব্যাগ জব্দ করেছে। পুলিশ বলেছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হাসান সাইদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।রুমানাকে নির্যাতনের মামলায় গ্রেপ্তার হওয়া হাসান সাইদের লাশ গত সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেল থেকে উদ্ধার করে শাহবাগ থানার পুলিশ। চোখের চিকিৎসার জন্য তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২৩ নভেম্বর সেখানে নেওয়া হয়েছিল। মৃত্যুর ঘটনায় কারা কর্তৃপক্ষ শাহবাগ থানায় অপমৃত্যু মামলা করে।সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল, হূদেরাগে আক্রান্ত হয়ে হাসানের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তাঁর পরিবার অভিযোগ করেছিল, তাঁকে হত্যা করা হয়েছে।শাহবাগ থানায় করা অপমৃত্যু মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুর রশীদ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, পুলিশ প্রিজন সেলের বিছানায় শোয়া অবস্থায় হাসান সাইদের লাশ উদ্ধার করে। সুরতহালে তাঁর হাতে রশি বাঁধার চিহ্ন পাওয়া গেছে। তাঁর কক্ষ থেকে পলিথিনের কিছু ব্যাগ ও নাইলনের রশি জব্দ করা হয়েছে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, হাসান সাইদকে যাঁরা প্রথম দেখেছেন তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, বাথরুমে মুখমণ্ডলে পলিথিন মোড়ানো, হাত বাঁধা ও শরীরে কম্বল জড়ানো অবস্থায় তিনি পড়ে ছিলেন। তবে দুই হাত ঢিলা করে বাঁধা ছিল, দুই হাতের মধ্যে দেড় ফুটের মতো (এক হাত পরিমাণ) ফাঁকা ছিল। পরে তাঁকে চিকিৎসার জন্য সেলে এনে শুইয়ে দেওয়া হয়।এটি হত্যা না আত্মহত্যা—জানতে চাইলে ওসি বলেন, ‘এটি তো আমরা সুনির্দিষ্ট করে বলতে পারছি না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।’বিএসএমএমইউর চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক শফিকুল ইসলামের তত্ত্বাবধানে ভর্তি ছিলেন হাসান সাইদ। শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি তাঁকে বিছানায় শোয়া অবস্থায় পেয়েছি। বাথরুমে তিনি কীভাবে ছিলেন তা দেখিনি।’ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহাবুবুর রহমানও বলেন, ‘আমি তাঁকে বিছানায় শোয়া অবস্থায় পেয়েছি।’স্ত্রী রুমানা মনজুরকে নির্যাতনের অভিযোগে ১৫ জুন হাসান সাইদকে উত্তর মুগদার একটি বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে। নির্যাতনে রুমান মনজুরের দুই চোখ নষ্ট হয়ে যায়।