হাসান হত্যা মামলায় জামায়াত নেতা শামসুল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক সাংসদ আ ন ম শামসুল ইসলামকে সাতকানিয়ার যুবলীগ নেতা হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে৷ গতকাল মঙ্গলবার বিচারিক হাকিম মাসুদ পারভেজের আদালতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়৷ শামসুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়৷
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক উনু মং প্রথম আলোকে জানান, সাতকানিয়া থানার যুবলীগ নেতা হাসান হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি শামসুল ইসলাম৷ ১২ মে নগরের দেওয়ানবাজারনগর জামায়াতের কার্যালয় থেকে ২১ নেতা-কর্মীসহ গ্রেপ্তার হন তিনি৷ সাতকানিয়া পুলিশ হাসান হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন৷ এ সময় আসামিপক্ষের আইনজীবী নির্দোষ দাবি করে ঘটনায় জড়িত নন উল্লেখ করেন৷ শুনানি শেষে বিচারক গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন৷
এদিকে সাতকানিয়ার জামায়াত নেতা মুজাফফরের বিরুদ্ধে বাজালিয়া এলাকায় মন্দির ভাঙচুরের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন একই আদালত৷ ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি বাজালিয়া বুড়ির দোকান এলাকায় কৃষ্ণমন্দিরে হামলার ঘটনা ঘটে৷