হাসানাত-শওকতের দ্বন্দ্বে দ্বিধাবিভক্ত আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের আগে বিমানে ঢাকা থেকে ফিরে হাত উঁচিয়ে কর্মী-সমর্থকদের শুভেচ্ছা জানাচ্ছেন (বাঁয়ে) শওকত হোসেন ও আবুল হাসানাত আবদুল্লাহ। ওই নির্বাচন নিয়েই তাঁদের বিরোধ প্রকাশ্য হয়ে পড়ে ষ ফাইল ছবি
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের আগে বিমানে ঢাকা থেকে ফিরে হাত উঁচিয়ে কর্মী-সমর্থকদের শুভেচ্ছা জানাচ্ছেন (বাঁয়ে) শওকত হোসেন ও আবুল হাসানাত আবদুল্লাহ। ওই নির্বাচন নিয়েই তাঁদের বিরোধ প্রকাশ্য হয়ে পড়ে ষ ফাইল ছবি

সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ ও বরিশাল সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র শওকত হোসেনের দ্বন্দ্বে বরিশালে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে আওয়ামী লীগ। এক পক্ষে হাসানাতের নেতৃত্বাধীন জেলা আওয়ামী লীগ এবং অন্য পক্ষে শওকতের নেতৃত্বাধীন মহানগর আওয়ামী লীগ।
পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা এ দুই পক্ষের মধ্যে সংঘর্ষও হয়েছে। এ অবস্থায় দলের কর্মী-সমর্থকেরা হতাশ হয়ে পড়েছেন। এ দ্বন্দ্ব নিরসন না হলে তা আসন্ন জাতীয় নির্বাচনে দলের ফলাফলেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
দলীয় সূত্র জানায়, হাসানাত ও শওকতের দ্বন্দ্বের নেপথ্যে রয়েছে দলের নিয়ন্ত্রণ। একসময় বরিশালে আওয়ামী লীগের রাজনীতির কর্ণধার ছিলেন পঁচাত্তরের ১৫ আগস্ট নিহত আবদুর রব সেরনিয়াবাতের ছেলে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে হাসানাত। ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জয়ের পর তিনি চিফ হুইপ হন। ১৯৯৮ সালে তাঁর হাত ধরে জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগ দেন শওকত। ২০০১ সালের নির্বাচনে পরাজয়ের পর ওই রাতেই বরিশাল ছাড়েন আলোচিত-সমালোচিত হাসানাত। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। এর দুটিতে ৩৩ বছরের কারাদণ্ডাদেশ হয়। নবম সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারেননি। বরিশাল-১ আসনে সাংসদ নির্বাচিত হন বর্তমানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মামলাগুলো প্রত্যাহার হলে হাসানাত বরিশালে ফেরেন ২০০৯ সালের ১৩ অক্টোবর। কিন্তু তত দিনে বরিশালে আওয়ামী লীগের রাজনীতিতে নতুন নেতা হয়ে উঠেছেন শওকত।

সূত্র জানায়, ২০০৩ সালে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক হওয়া শওকত ২০০৮ সালের সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন। হাসানাতের অনেক অনুসারীও ভিড়েন তাঁর সঙ্গে। এসব নিয়েই তৈরি হয় বিরোধ। গত ১৫ জুনের সিটি নির্বাচনে শওকত নিজের পরাজয়ের জন্য হাসানাতকে দোষারোপ করলে বিরোধ প্রকাশ্য হয়।

দলীয় সূত্র জানায়, এই বিরোধের কারণে জাতীয় শোক দিবসে জেলা ও মহানগর আওয়ামী লীগ কয়েক গজ ব্যবধানে মুখোমুখি মাইক লাগিয়ে কর্মসূচি পালন করে। ১৫ সেপ্টেম্বর রাতে ঢাকার পল্টনের একটি আবাসিক হোটেলে শওকতের সমর্থক ও নগর আওয়ামী লীগের সাবেক সদস্য গোলাম মহিউদ্দিনকে লাঞ্ছিত করা এবং শওকতের গুলশানের বাসায় হামলার চেষ্টার প্রতিবাদে পরদিন সকালে নগর আওয়ামী লীগ মিছিলের সিদ্ধান্ত নেয়। কিন্তু দলীয় কার্যালয় থেকে মিছিল বের করার আগেই বাধা দেয় জেলা আওয়ামী লীগ। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। ২৮ সেপ্টেম্বর দলীয় প্রধান শেখ হাসিনার জন্মদিনও দুই পক্ষ পালন করে পৃথকভাবে।

গোলাম মহিউদ্দিন ওরফে বাবুল প্রথম আলোকে অভিযোগ করেন, ১৫ সেপ্টেম্বর রাতে পল্টনে একটি আবাসিক হোটেলে তাঁর কক্ষে হাসানাত আবদুল্লাহর তিন ছেলে সাদেক আবদুল্লাহ, মঈন আবদুল্লাহ ও আশিক আবদুল্লাহসহ পাঁচজন তাঁকে লাঞ্ছিত করেন। অপর দুজন হলেন বরিশাল মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ান ও কর্মী মো. রনি। তিনি এ ঘটনায় পরদিন শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ অভিযোগের বিষয়ে হাসানাতের বড় ছেলে ও যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাদেক বলেন, ‘এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি আমাদের মামা (খালার দেবর) হন। তাঁকে নিজ হাতে মারধর করার মতো নির্লজ্জ আমরা হইনি। মারতে চাইলে আমরা তিন ভাই ওখানে যেতাম না।’

এদিকে শওকত হোসেন অভিযোগ করেন, মহিউদ্দিনকে লাঞ্ছিত করার পর ওই রাতেই সাদেকরা তিন ভাই গুলশানে তাঁর বাসায় হামলা করতে গিয়ে দারোয়ানদের বাধায় ফিরে যান। পরের রাতে তাঁরা ফটকে একটি ফাঁকা গুলি ছোড়েন। মহিউদ্দিনকে লাঞ্ছিত করা এবং তাঁর বাসভবনের ঘটনা প্রধানমন্ত্রীকেও জানানো হয়েছে।

এ অভিযোগ অসত্য দাবি করে সাদেক বলেন, ‘হিরণ কাকা (শওকত হোসেন) যে কেন এমন হীন ষড়যন্ত্র শুরু করেছেন, তিনিই তা ভালো বলতে পারবেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা-কর্মী বলেন, জাতীয় নির্বাচনের আগে যখন দলে ঐক্য দরকার, তখন হাসানাত ও শওকতের প্রকাশ্য দ্বন্দ্ব নেতা-কর্মীদের হতাশ করছে। এ অবস্থা দলের জন্য ভালো নয়।

দলীয় সূত্র জানায়, ২০১২ সালের ডিসেম্বরে একই দিনে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয়। জেলা শাখায় সভাপতি হাসানাত আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক হন তালুকদার মো. ইউনুস এবং মহানগর শাখায় সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক হন আফজালুল করিম। কিন্তু এ দুই শাখারই আর কোনো পদ বণ্টন করা হয়নি। এ নিয়েও নেতা-কর্মীরা হতাশ। কর্মসূচি পালন ছাড়া তেমন কোনো তৎপরতা নেই। সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতাও উল্লেখযোগ্য নয়। জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন হয় ১৯৯৩ সালে এবং মহানগর শাখার আহ্বায়ক কমিটি হয় প্রায় আট বছর আগে। জেলা ও মহানগর ছাত্রলীগের সম্মেলন হয় ২০১১ সালে। হাসানাত ও শওকতের বিরোধের রেশ এসব সংগঠনেও পড়েছে।

বিরোধের বিষয়টি স্বীকার করে শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘হাসানাত সাহেবকে দীর্ঘদিন আমি অভিভাবকের মর্যাদা দিয়েছি, তাঁর নির্দেশ ও পরামর্শে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করেছি। বিনিময়ে সিটি নির্বাচনে যাঁরা আমার বিরুদ্ধে কাজ করেছেন, তিনি তাঁদের মদদ দিয়েছেন। সিটি নির্বাচনে যাঁরা আমার পক্ষে ছিলেন, তাঁদের এখন মারধর করছেন তাঁর ছেলেরা। হামলা করছেন আমার বাড়িতে।’

এ বিষয়ে হাসানাত আবদুল্লাহর বক্তব্য জানতে অক্টোবরের প্রথম সপ্তাহে বরিশাল শহরে তাঁর বাড়িতে গেলে সাদেক আবদুল্লাহ জানান, তাঁর বাবা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চান না। বরিশাল এলে তিনি বেশির ভাগ সময় আগৈলঝরার শেরাল গ্রামের বাড়িতে থাকেন। তিনি বলেন, ‘আমার জানামতে আব্বা এখনো হিরণ কাকাকে অনেক ভালোবাসেন। বিরোধ থাকলে সেটা কাকাই জানেন।’

দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর নেতৃত্বে কেন্দ্রীয় একটি প্রতিনিধিদল শিগগিরই বরিশাল যাচ্ছে। বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, প্রতিনিধিদলটি দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ব্যক্তিদের জনসমর্থন এবং গ্রহণযোগ্যতা যাচাইয়ের জন্য বরিশাল যাচ্ছে। তখন হাসানাত ও শওকতের দ্বন্দ্ব নিরসনের উদ্যোগও নেওয়া হবে। আশা করা হচ্ছে, তাঁদের ভুল-বোঝাবুঝির অবসান ঘটানো যাবে।