হাসানুজ্জামানের স্বপ্ন থেমে যাবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ হাসানুজ্জামান। ২০ বছরের এ তরুণ জন্ম থেকেই এক চোখে দেখেন না, নাক নেই, মুখটাও তাঁর পোড়া। কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর অদম্য স্পৃহায় বাংলাদেশ সরকারপ্রদত্ত প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ সব রকমের সুযোগ-সুবিধা পেয়ে ইতিমধ্যেই তিনি উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা নেওয়ার স্বপ্ন দেখছিলেন।
এ লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হতে দুটি ইউনিটে আবেদন করেছিলেন। আবেদনপত্রে উল্লিখিত হেল্পলাইনে যোগাযোগ করে গত বুধবার বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রতিবন্ধী স্বীকৃতি না পেয়ে গতকাল শুক্রবার হতাশা নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। হাসানুজ্জামান জানান, তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ডি-২ ও কলা এবং মানববিদ্যা অনুষদের অধীনে বি-১ ইউনিটে আবেদন করেছিলেন। আবেদনপত্রে প্রতিবন্ধীদের লিখিত পরীক্ষায় অংশ হতে হয় না দেখেও তিনি তাঁর শারীরিক প্রতিবন্ধকতার কথা তুলে ধরতে সমাজবিজ্ঞান ভর্তি পরীক্ষা কমিটির হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করেন। হেল্পলাইন থেকে তাঁর শারীরিক সমস্যার কথা শোনার পরও শুধু মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে বলে হাসানুজ্জামানকে জানানো হয়।
গত মঙ্গলবার পুনরায় যোগাযোগ করলে তাঁকে মৌখিক পরীক্ষার আগে অনুষদের ডিনের কাছে লিখিত আবেদন করতে বলা হয়। এ জন্য অবরোধের মধ্যে তিনি অনেক কষ্ট করে ওই দিন রাতে নারায়ণগঞ্জের বাড়ি থেকে ক্যাম্পাসের উদ্দেশে রওনা দেন। বৃহস্পতিবার সকালে তিনি সমাজবিজ্ঞান অনুষদের ডিনের সঙ্গে যোগাযোগ করলে ডিন তাঁকে শুধু দুই চোখ ও দুই হাত না থাকলেই বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী হিসেবে গণ্য হয় বলে জানিয়ে দেন।
পরে লিখিত পরীক্ষায় অংশ না নেওয়ার কারণ জানতে চাইলে হাসানুজ্জামান হেল্পলাইনে যোগাযোগ করে তাঁর শারীরিক সমস্যা তুলে ধরার পরও তাঁরা তাঁকে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে না বলে যে কথা বলেন, তা ডিনের কাছে তুলে ধরেন। কিন্তু এ সময় ডিন তাঁকে একপ্রকার ধমক দিয়ে কক্ষ থেকে বের করে দেন বলে অভিযোগ করেন হাসানুজ্জামান। পরে তিনি বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সচিবের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। পরে হাসানুজ্জামান জানতে পারেন, তাঁর আবেদন দুটি বাতিল করা হয়েছে। হাসানুজ্জামান বলেন, ‘শুধু দুই হাত ও দুই চোখ না থাকলেই কি প্রতিবন্ধী? আমাকে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে, সেটা আগে জানালে আমি অংশ নিতাম। আমি আর কোথাও আবেদন করিনি। আমার উচ্চশিক্ষার স্বপ্ন কি এখানেই থেমে যাবে?’
ভর্তি পরীক্ষা কমিটির সচিব আকবর হোছাইন এ ব্যাপারে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যার দুই চোখ ও দুই হাত নেই, তাকে প্রতিবন্ধী হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং তাদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হয় না।’
কিন্তু হেল্পলাইনে হাসানুজ্জামান তাঁর শরীরের সমস্যার কথা জানানোর পরও তাঁকে লিখিত পরীক্ষায় অংশ না নেওয়ার কথা বলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘হয়তো হেল্পলাইনের কর্মীরা ভুল করেছেন।’
এদিকে হেল্পলাইনে যাঁর সঙ্গে হাসানুজ্জামান যোগাযোগ করছিলেন, তাঁর নাম মো. আলমগীর। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ের কর্মচারী। তিনি হাসানুজ্জামানের সঙ্গে তাঁর কথা হওয়ার বিষয়টি স্বীকার করলেও হাসানুজ্জামানকে লিখিত কিংবা মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার ব্যাপারে কিছু বলেননি বলে জানান।