হাসানের বিরুদ্ধে মামলার রায় যেকোনো দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের বিচার
মানবতাবিরোধী অপরাধের বিচার

কিশোরগঞ্জের পলাতক সৈয়দ হাসান আলীর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হবে। গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার কার্যক্রম শেষে রায় অপেক্ষমাণ রেখেছেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল যুক্তি উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ। এ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।
যুক্তি উপস্থাপনের সময় রাষ্ট্রপক্ষ সৈয়দ হাসান আলীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আরজি জানায়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী ও আবুল কালাম দাবি করেন, হাসান আলীর বিরুদ্ধে সব অভিযোগ তাঁরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন। তবে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান আসামিকে খালাস দেওয়ার আরজি জানিয়ে বলেন, অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে।
গত বছরের ১১ নভেম্বর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগে হাসান আলীর বিচার শুরু হয়। ৮ ডিসেম্বর থেকে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ৩১ মার্চ পর্যন্ত মামলার তদন্তকারী কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে ২৬ জন সাক্ষ্য দেন। এরপর দুই পক্ষের যুক্তি উপস্থাপন শেষে গতকাল মামলার কার্যক্রম শেষ হয়।
গত বছরের ২৯ জুন হাসান আলীর বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রতিবেদন চূড়ান্ত করে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। তদন্ত সংস্থা জানায়, হাসান আলীর বাবা সৈয়দ মোসলেম উদ্দিন একাত্তরে পূর্ব পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান ও তৎকালীন কিশোরগঞ্জ মহকুমা শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। বাবার মুক্তিযুদ্ধবিরোধী আদর্শে উদ্বুদ্ধ হয়ে হাসান আলী রাজাকার বাহিনীতে যোগ দেন এবং কিশোরগঞ্জের তাড়াইল থানার রাজাকার কমান্ডার হিসেবে নিয়োগ পান। একাত্তরে তিনি কিশোরগঞ্জে থাকলেও তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার মাছিহাতায়। গত বছরের ৩ এপ্রিল তাঁকে গ্রেপ্তারের জন্য ট্রাইব্যুনাল পরোয়ানা জারি করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।
ছয় অভিযোগ: হাসান আলীর বিরুদ্ধে প্রথম অভিযোগ, একাত্তরের ২৭ এপ্রিল তাড়াইল থানার সাচাইল পূর্বপাড়া গ্রামের হাসান আহমদ ওরফে হাচু ব্যাপারীর সাতটি ঘর লুট করে আগুনে পুড়িয়ে দেন হাসান আলী, সহযোগী রাজাকার ও পাকিস্তানি সেনারা। পরে হাচু ব্যাপারীকে গুলি করে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগ, একাত্তরের ২৩ আগস্ট হাসান আলী, রাজাকার ও পাকিস্তানি সেনারা কোনাভাওয়াল গ্রামের তফাজ্জল হোসেন ভূঁইয়াকে হত্যা করে দুটি ঘর লুট ও দুজনকে অপহরণ করে। তৃতীয় অভিযোগ, ৯ সেপ্টেম্বর হাসান আলী, রাজাকার ও পাকিস্তানি সেনারা শিমুলহাটি গ্রামের পালপাড়ার অক্রুর পালসহ ১০ জনকে হত্যা করে ঘরবাড়িতে আগুন দেয়। চতুর্থ অভিযোগ, ২৭ সেপ্টেম্বর বড়গাঁও গ্রামের মরকান বিলে বেলংকা রোডে সতীশ ঘোষসহ আটজনকে হত্যা করে হাসান আলী ও সহযোগী রাজাকাররা। পঞ্চম অভিযোগ, ৮ অক্টোবর হাসান আলী, রাজাকার ও পাকিস্তানি সেনারা আড়াইউড়া গ্রামের কামিনী কুমার ঘোষ ও জীবন ঠাকুরকে হত্যা করে ঘরবাড়ি লুট করে। ষষ্ঠ অভিযোগ, ১১ ডিসেম্বর হাসান আলী ৩০-৪০ জন রাজাকার ও পাকিস্তানি সেনাদের সঙ্গে নিয়ে সাচাইল গ্রামের শতাধিক ঘরে অগ্নিসংযোগ করে এবং গ্রামের আবদুর রশিদকে হত্যা করে।