হাসি-আনন্দে শিক্ষা সমাপনী আসর
সময় বেলা ১১টা ১২ মিনিট ১৩ সেকেন্ড। তারিখটাও ১১ ডিসেম্বর, অর্থাৎ ১১-১২-১৩। এমন একটা তারিখে যদি কোনো অনুষ্ঠান হয়, তবে তা স্মরণীয় না হয়ে পারে না! চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন (এফভিএম) অনুষদের ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী আসরও একরকম স্মরণীয় হয়ে রইল।
১১ ডিসেম্বর দুপরে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। এরপর ছিল শোভাযাত্রা। ঢোল, ভুভুজেলাসহ বাহারি সব বাদ্যযন্ত্র বাজিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। বেলা তিনটায় দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য এ এস মাহফুজুল বারি। বিশেষ অতিথি ছিলেন এফভিএম অনুষদের ডিন কবিরুল ইসলাম খান।
আলোচনা সভা শেষে শিক্ষা সমাপনী অনুষ্ঠান-২০১৩-এর স্মারকচিহ্ন উম্মোচন করা হয়। এরপর শুরু হয় শিক্ষা সমাপনী্র্রউৎসবের অন্যতম আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল নাচ, গান, আবৃত্তি ও নাটক। শিল্পীদের গানের সুরে সুরে, নাচের তালে তালে মেতে ওঠেন শ্রোতারা। নাচ, গান আর মুহুর্মুহু করতালিতে মুখর হয়ে উঠল পুরো প্রাঙ্গণ। এতে অ্যাসিড-সন্ত্রাস প্রতিরোধকে আলোচ্য করে নাটক আদালত মঞ্চস্থ হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল‘এক আকাশের তাঁরা তুই’ গানের সঙ্গে দর্শকদের লুঙ্গি নৃত্য। এরপর ব্যান্ড দল ‘ছায়ালীন’ ওঠে মঞ্চে। ‘পাখি’ শিরোনামের গানের সঙ্গে শুরু হয় তাদের পরিবেশনা। একের পর এক আটটি গান গেয়ে বিদায় নেওয়ার পর শুরু হয় ডিজে পরিবেশনা। ডিজে শেষে ভাঙে এ মিলনমেলা। অবসান হয় আনন্দমুখর একটি দিনের।