হাসি আর নূপুরের অসময়ে বাড়ি ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসি আর নূপুর। সম্পর্কে চাচাতো বোন। হাসি দশম আর নূপুর নবম শ্রেণীতে পড়ে। বয়সের সামান্য ব্যবধান থাকলেও দুই বান্ধবীর মতোই তারা। একসঙ্গেই স্কুলে যাওয়া-আসা। গতকাল মঙ্গলবার স্কুল ছুটির অনেক আগেই তারা ফিরে এসেছে, তবে লাশ হয়ে। দুই বোনের মৃতদেহ বাড়ির উঠানে রাখা হলে কান্নার রোল পড়ে বাড়িজুড়ে। গতকাল মঙ্গলবার সকালে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার শৈলচাপড়া হাওরে নৌকাডুবিতে আরও তিন সহপাঠীর সঙ্গে সলিল সমাধি হয়েছে হাসি ও নূপুরের।হাসি আর নূপুরদের বাড়ি সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ি গ্রামে। হাওরে থইথই পানি থাকায় গ্রাম থেকে এখন নৌকা ছাড়া উপজেলা সদরে যাতায়াত করা যায় না। হাসির বাবা আবদুল লতিফ বাদশাগঞ্জ বাজারে দর্জির কাজ করেন। সকালে তাঁর সঙ্গেই স্কুলে যায় একমাত্র মেয়ে তানজিলা আক্তার হাসি ও ছোট ভাই আবদুছ ছালামের একমাত্র মেয়ে নূপুর। হাসি পড়ে বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলে, আর নূপুর পড়ে বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে। হাসির ছোট দুই ভাই আর নূপুরের ছোট এক ভাই আছে। নূপুরের বাবা কৃষি কাজ করেন।দুই পরিবারে দুই বড় মেয়েকে নিয়ে অনেক আশা ছিল। কিন্তু সব আশা যেন ভেসে গেছে হাওরের জলে। মেয়ের প্রাণহীন দেহের ওপর বারবার আছড়ে পড়ে নূপুরের বাবা আবদুছ ছালাম বিলাপ করছিলেন আর মূর্ছা যাচ্ছিলেন। হাসির মা রাজিয়া বেগমের বুকফাটা আর্তনাদ, ‘আজকু (আজ) খেনে মা অত আগে বাড়িত আইলায়। পরতি দিনতনু বিকালে আও (আসো) তোমরা। আজকু খেনে আত আগে আইলায়...।’ আর বাবা আবদুল লতিফ বুক ছাপড়ে বারবার যেন নিজেকে বলছিলেন, ‘আল্লা আমারে নিয়া আমার দুই মেয়েরে রাখলায় না খেনে।’সব মিলিয়ে শ খানেক যাত্রী ছিল নৌকাটিতে। তারা সবাই বালিজুড়ি গ্রামের বাসিন্দা। এর মধ্যে ২০ থেকে ২৫ জন ছাত্রছাত্রী ছিল। শিক্ষার্থীরা নৌকায় ওঠেই ভেতরে গিয়ে বসে। বর্ষায় প্রতিদিনই এভাবে নৌকায় করে হাসিরা স্কুলে যায়। আবার ফেরে। নৌকাটি ছাড়ার পর বাইরে লতিফসহ কয়েকজন ছিলেন। শৈলচাপড়া হাওরে যাওয়ার পর হঠাৎ করেই বাতাসের ঝাপটায় নৌকাটি তলিয়ে যায়। এরপর লতিফ পানিতে সাঁতরে হাসি আর নূপুরকে খুঁজে খুঁজে একপর্যায়ে ক্লান্ত হয়ে পড়েন। স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। কিন্তু হাসি আর নূপুরকে জীবিত উদ্ধার করা যায়নি। বাদশাগঞ্জ পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান ও বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলী বলেন, ‘খবর পাওয়ার পর থেকেই শিক্ষক-শিক্ষার্থীরা সবাই কাঁদছে। শিক্ষার্থীদের কোনোভাবেই আর বোঝানো যাচ্ছে না।’ বজলুর রহমান বলেন, ‘কী করব বলুন। কে কাকে সান্ত্বনা দেবে। এ রকম মৃত্যু কি মেনে নেওয়া যায়।’