হাসি-কান্নার সীমান্ত-ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও ২০-২৫ বছর, কারও ৩০ বছর পর দেখা স্বজনদের সঙ্গে! ঈদ উপলক্ষে এমন মওকা পেয়ে যারপরনাই খুশি তাঁরা। দীর্ঘদিন পর প্রিয়জনের সান্নিধ্যে এসে কেউ কেউ তো কেঁদেই ফেললেন। গত মঙ্গলবার মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রংমহল ও ভারতের করিমপুর থানার ধাড়া সীমান্ত এলাকায় এমন দৃশ্যের অবতারণা হয়।মেহেরপুর সীমান্তের রংমহল ১৩৬ নম্বর মেইন পিলারের কাছে ভারতের কাঁটাতারের বেড়ার প্রধান ফটক খুলে দেওয়া হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উদ্যোগে উভয় দেশের নাগরিকেরা একে অপরকে দেখার সুযোগ পান। এই খবর জানাজানি হলে দুই দেশের সীমান্তের কয়েক শ মানুষ তাঁদের স্বজনদের দেখতে প্রধান ফটকের সামনে ভিড় জমান।ভারতের নদীয়া জেলার করিমপুর থানার শিশা গ্রামের আহসান হাবিবের (৫৯) ছোট ভাই হাবিব উল্লাহ (৫৬) থাকেন মেহেরপুরের কাথুলী গ্রামে। ২০ বছর পর দুই ভাইয়ের দেখা হলো কাঁটাতারের বেড়ার এপার-ওপারে দাঁড়িয়ে। বাড়ির খোঁজখবর নিতে গিয়ে দুজনই কান্নায় ভেঙে পড়েন।ভারতের একই গ্রামের নজিরুন নেছা (৪৫) দেখা করতে এসেছিলেন মেহেরপুরের উজলপুর গ্রামের নাসরিন খাতুনের (৪৭) সঙ্গে। সম্পর্কে তাঁরা বোন। কাঁটাতারের বেড়া মাঝে রেখেই একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করেন, ‘বইন, তুই ভালো আচিস। কত দিন পর তোর সাতি দেকা।’ প্রায় ৩০ বছর পর এই দুই বোনের দেখা। ঈদের পরের দিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এমন আবেগঘন পরিবেশ দেখা যায় সীমান্ত এলাকায়।বিএসএফ নদীয়া জেলার করিমপুর ক্যাম্পের সদস্য সুশীল দত্ত জানান, ঈদ উপলক্ষে উভয় দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়াতে ভারত সরকারের অনুমতিক্রমে এবার এই সুযোগ করে দেওয়া হয়েছে। প্রতি ঈদে উভয় দেশের নাগরিকেরা যেন তাঁদের স্বজনদের সঙ্গে দেখা করতে পারেন, সে জন্য পর্যায়ক্রমে বিভিন্ন সীমান্তে এমন সুযোগ করে দেওয়া হবে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মেহেরপুরের কাথুলী সীমান্ত ক্যাম্প কমান্ডার জুলফিকার আলী জানান, এই উদ্যোগ মূলত বিএসএফের। এ ক্ষেত্রে তাঁদের কোনো আপত্তি ছিল না। তবে সীমান্তে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য তাঁরা দূরে সতর্ক প্রহরায় ছিলেন।