হাসি-খুশি রাবেয়া ও রোকাইয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালের বিছানায় শুয়ে হাসছে, হাত নেড়ে খেলছে শিশু দুটি। দারুণ উৎফুল্ল ও চঞ্চল। এক বছর বয়সে অনেক কিছুই বুঝতে শিখেছে এরা। বসতেও পারে। বাবা-মাকে দেখেই কোলে উঠতে ব্যাকুল তারা। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দেখা গেল এমনই হাসি-খুশি দুটি শিশুকে। মাথা জোড়া লাগানো এই দুই শিশুর নাম রাবেয়া ও রোকাইয়া।

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামের স্কুলশিক্ষক রফিকুল ইসলাম-তাসলিমা দম্পতির তিন সন্তান। তাঁদের প্রথম সন্তান একটি মেয়ে। এরপর মাথা জোড়া লাগানো দুই মেয়ের জন্ম হয়েছে। গত বছর পাবনা শহরের একটি ক্লিনিকে ভর্তি হলে সেখানে অস্ত্রোপচারের পর যমজ কন্যাশিশুর জন্ম হয়।

মা তসলিমা জানান, প্রথমে শিশু দুটির মাথা জোড়া লাগানো অবস্থার কারণে একটু মন দুর্বল হয়েছিল। কিন্তু পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত পরিবারের সবার আদর ভালোবাসাতেই বেড়ে উঠছে রাবেয়া-রোকাইয়া। বাবা-মায়ের শুধু এখন একটাই চিন্তা, কবে তাঁদের এই সন্তান দুটিকে আলাদা করা যাবে? কোথায় চিকিৎসার মাধ্যমে অস্ত্রোপচারে মেয়ে দুটিকে আলাদা করাতে পারবেন?

পিতা স্কুলশিক্ষক মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের এই সন্তানদের নিয়ে ভীষণ টেনশনে আছি। কোথায় কীভাবে এদের চিকিৎসা করাব, তার সঠিক কোনো দিকনির্দেশনা আমরা পাচ্ছি না। দেশে অথবা বিদেশে চিকিৎসার জন্য কেউ যদি আমাদের তথ্য দিয়ে কিংবা সাধ্য অনুযায়ী সহযোগিতা করত, আমরা অনেক উপকৃত হতাম। এরা কবে নাগাদ আলাদা হবে, সেই দিনের অপেক্ষাতেই আছি।’

তাসলিমা খাতুন প্রথম আলোকে বলেন, ‘স্কুলে শিক্ষকতা করে বাচ্চা দুটিকে খাওয়ানো, গোসল করানো, ঘুম পাড়ানোর কাজ করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। এদের সুচিকিৎসায় অস্ত্রোপচার করে আলাদা করানোর জন্য সরকারের সহযোগিতা কামনা করছি।’

বিএসএমএমইউর চিকিৎসক রুহুল আমিনের অধীনে রয়েছে রফিকুল ইসলাম-তাসলিমা দম্পতির সন্তানেরা। তিনি প্রথম আলোকে বলেন, রাবেয়া ও রোকাইয়ার চিকিৎসার জন্য সোমবার বোর্ড বসেছিল। সেখানে চিকিৎসার ব্যাপারে বিস্তারিত আলোচনা হচ্ছে। তাদের সিটি স্ক্যান করা হয়েছে। এমআরআই করা হবে। এগুলোর রিপোর্ট পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।