হাসি-খেলায় হাতেখড়ি
শিক্ষাগুরুর কোলে উঠে হাতেখড়ি নিল চঞ্চল রাজু। ফারিয়া, দিতি, মিতি, সোনা তখন একদম চুপচাপ। ওরা গম্ভীর মুখে পেন্সিলের আঁকিবুকি কাটছে কাগজে। ভাবখানা এমন যেন সব বিদ্যা অর্জন শেষ।পাশে আরেক শিক্ষাগুরুর কোলে উঠে নাচছে জনি। গুরুর হাতের পেন্সিল সে কামড়ে দিচ্ছে। আর শিক্ষাগুরু অনেক যত্নে তাকে অক্ষর চেনাচ্ছেন।গতকাল শুক্রবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে চতুর্থ হাতেখড়ি জাতীয় উৎসবে এসব চিত্র উপস্থিত সবাইকে নির্মল আনন্দ দেয়। স্কুলের ঘণ্টা বাজিয়ে হাতেখড়ি উৎসবের সূচনা করেন শিক্ষাবিদ রফিকুল ইসলাম ও কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।ড. রফিকুল ইসলাম বলেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর হরফ বাংলা। ষড়ঋতুর এ দেশের মতোই বাংলা হরফগুলো সুন্দরের প্রতীক। তিনি সঠিক পদ্ধতিতে মাতৃভাষা শেখানোর জন্য অভিভাবকদের পরামর্শ দেন। তিনি আরও বলেন, মাতৃভাষা না শিখলে বিদেশি ভাষাও ঠিকমতো শেখা যায় না।হাসান আজিজুল হক বলেন, অভিভাবকদের মনে রাখতে হবে, এ শিশুরা এখনো মানুষ নয়, তাদের মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্বটা নিতে হবে বাবা-মাকেই। হাতেখড়ি জাতীয় পর্ষদের চেয়ারম্যান কামাল লোহানী বলেন, বাঙালির হাজারো উৎসবের একটি ছিল—এই হাতেখড়ি। বাঙালি জীবনের অন্যতম ওই উৎসবকে আবারও ফিরিয়ে আনতে গত তিন বছরে ধরে এ প্রয়াস।জাতীয় পর্যদের কো-চেয়ারম্যান শিল্পী হাশেম খান বলেন, মহান ভাষাসৈনিকদের হাতে অক্ষর চিনে এসব শিশুরা ভবিষ্যতে ভাষার চেতনা বুকে নিয়ে পথ চলবে। উৎসবে স্বাগত বক্তব্য দেন জাহিদুল হক দীপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহরিয়ার সালাম। হাতেখড়ি জাতীয় পর্যদের উদ্যোগে অনুষ্ঠিত এ উৎসবে মোট ৩৫ শিশুর হাতেখড়ি দেন শিক্ষাগুরুরা। উৎসবকে নাচে-গানে মাতিয়ে তোলে একঝাঁক শিশুশিল্পী।