মা-মেয়ের ছবি তুলে দিচ্ছেন বাবা। আনন্দের মুহূর্তকে কে না চায় ক্যামেরাবন্দী করতে! অন্যদিকে চলছে গ্রুপ সেলফির হিড়িক। নাচানাচি তো আছেই। তবে কোনায় কোনায় কান্নারত শিক্ষার্থীদের দেখাও মিলল।
গতকাল রোববার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের চিত্র ছিল এটি।
কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস সাংবাদিকদের সামনে ফলাফল তুলে ধরেন। তিনি জানান, কলেজের মোট ১ হাজার ৮২১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ৮১৪ জন। এর মধ্যে ৯৫৪ জন পেয়েছেন জিপিএ-৫। কলেজে পাসের হার ৯৯ দশমিক ৬২ শতাংশ।
মেয়ে ভালো ফল করায় খুশি মা নীলাঞ্জনা বসু। তাঁর মেয়ে দীপান্বিতা বসু বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। তিনি বলেন, ‘এবার সারা দেশেই এ প্লাসের সংখ্যা কম। কিন্তু আমি তাঁদের একজন। এ জন্য খুব ভালো লাগছে। এখন লক্ষ্য বুয়েট।’
একটু পরপর ফোন বেজে উঠছিল তানজিলা ইরাশের। কিন্তু কত ফোন ধরবেন! কিছু ফোনের উত্তর দিয়ে তানজিলা মিশে গেলেন উচ্ছ্বাসে মেতে ওঠার ভিড়ে। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন তিনি।
কাঙ্ক্ষিত ফল সবার হয়নি। মাঠের পাশে বেঞ্চে বসে কাঁদছেন একজন। সহপাঠীরা সান্ত্বনা দিচ্ছেন। কথা বলতে অনিচ্ছুক। সহপাঠীরা বলেন, আশানুরূপ ফল হয়নি। একটুর জন্য জিপিএ-৫ পাওয়া হয়নি সৈয়দা তানিয়া লাবণ্যর। সৈয়দা তানিয়া কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিয়েছিলেন। এ বিভাগ থেকে ২৪৩ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১০ জন। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে ২৯০ জনের মধ্যে ২৩ জন পেয়েছেন জিপিএ-৫। বিজ্ঞান বিভাগে ১ হাজার ২৮৮ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯২১ জন।
অধ্যক্ষ নাজনীন ফেরদৌস বলেন, ‘সারা দেশের তুলনায় আমাদের অবস্থা ভালো। আমাদের ধারাবাহিকতা ঠিক আছে।’