হাসি দেখে যায় চেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেটের বাইরে মেয়েকে কোলে নিয়ে আবুল বাজনদার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেটের বাইরে মেয়েকে কোলে নিয়ে আবুল বাজনদার

চার বছর বয়সী মেয়ে জান্নাতুল ফেরদৌস চিপস খাওয়ার জন্য বায়না ধরেছে। তাই মেয়ের হাত ধরে হাসপাতাল থেকে বাইরে এসেছেন ‘বৃক্ষমানব’ আবুল বাজনদার। গতকাল শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটের বাইরে বাবা-মেয়েকে দেখা যায় হাসিমুখে। বাজনদারের এই নির্মল হাসিমাখা মুখখানি অনেকের কাছেই পরিচিত।

আবুল বাজনদারের দুই হাতে ব্যান্ডেজ। গত মাসের ১৭ তারিখে শেষ অস্ত্রোপচার হয়েছে। পায়ে জুতা। হাঁটতে এখনো কষ্ট হয় তাঁর।

হাসতে হাসতেই আবুল বাজনদার জানালেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এবারও ঈদ করেছেন তিনি। প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর বন্ধু কাজী বাহার তাঁকে এবং তাঁর বাবাকে পাঞ্জাবি কিনে দিয়েছেন। স্ত্রী ও মেয়ের কাপড় কেনার জন্যও টাকা দিয়েছেন। আর ঈদের দিন সেমাই নিয়ে এসেছেন। তাঁকে শাহবাগ, টিএসসি এলাকা থেকে একটু ঘুরিয়েও এনেছেন।

বাজনদার জানালেন, বার্ন ইউনিটে তাঁর বাবা এসেছেন ১৫ দিন হলো। ঈদও করেছেন একসঙ্গে। সব মিলে ঈদটা ভালোই কেটেছে। বার্ন ইউনিটই বলতে গেলে এখন আবুল বাজনদারের বাড়ি। প্রায় দেড় বছর ধরে বাজনদার এখানেই চিকিৎসাধীন। আর কত দিন চিকিৎসা চলবে প্রশ্নের উত্তরে বাজনদারের মুখের হাসি খানিকটা ম্লান হলো। বললেন, ‘তা তো ডাক্তাররা জানেন।’

মেয়ের এত কথা শোনার সময় নেই। তার চিপস চাই। তাই বাজনদারও কথা সংক্ষিপ্ত করে মেয়ের হাত ধরে হাঁটা দিলেন। যাওয়ার আগে ব্যান্ডেজ করা হাতেই মেয়েকে কোলে তুলে নিলেন। ছবি তুলতে চাইলে হাসিমুখেই তরুণ আবুল বাজনদার ও তাঁর মেয়ে পোজ দিলেন।

আবুল বাজনদার ২০১৬ সালের ৩০ জানুয়ারি বার্ন ইউনিটে ভর্তি হন বিরল রোগ নিয়ে। তাঁর হাতে ও পায়ে ছিল শিকড়ের মতো মাংস। আবুল ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ রোগে আক্রান্ত বলে চিকিৎসকেরা শনাক্ত করেন। রোগটি ট্রি ম্যান বা বৃক্ষমানব সিনড্রোম নামে পরিচিত। ১৫ বছর বয়সে বাজনদারের হাতে ও পায়ে শিকড় গজাতে থাকে।

বাজনদারের রোগের মূল কারণ জানার জন্য আবুলের রক্তের নমুনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নরিস কম্প্রিহেনসিভ ক্যানসার সেন্টারে পাঠায়। ফলাফলে ওই সেন্টার জানিয়েছে, খুলনার আবুল বাজনদারের হাতে ও পায়ে গাছের শিকড়ের মতো দেখতে শক্ত চামড়ার কারণ জিনগত ত্রুটি। এই ত্রুটির কারণে অস্ত্রোপচার করা জায়গাগুলোতে আবার শিকড় দেখা দিতে পারে।

বার্ন ইউনিটের চিকিৎসকেরা আবুল বাজনদারের হাতের তালু, পায়ের পাতা এবং হাত-পায়ের আঙুলে ২০টির বেশি ছোট-বড় অস্ত্রোপচার করেছেন। আবুলের চিকিৎসার পুরো খরচ বহন করছে সরকার।

গতকাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন চিকিৎসক পার্থ শংকর পাল প্রথম আলোকে বলেন, আবুল বাজনদারের অস্ত্রোপচার করা জায়গায় এখন পর্যন্ত নতুন করে আর শিকড়ের মতো কিছু গজায়নি। সেই দিক থেকে বলা যায় অগ্রগতি বেশ ভালো।