হাসি ফুটল পশু বিক্রেতাদের মুখে
রাজধানীর বনানীর কাকলী মোড়ের কোরবানির পশুর হাটকে কোনোভাবেই বিশাল বলা যাবে না। ছোট মাঠের মতো জায়গাটিতে হাজার খানেক গরু জড়ো করে রাখা হয়েছে। হাটের অর্ধেক জায়গাই ফাঁকা। ক্রেতারা গরু দেখছেন, দরদাম করছেন। বেশির ভাগ ক্রেতার মুখে একই কথা, আগের রাতেও গরুর দাম কম ছিল, কিন্তু গতকাল সোমবার সকাল থেকেই দাম বেড়ে গেছে।
গতকালের আগে যাঁরা গরু কিনেছেন, তাঁরা কম দামে গরু কিনে হাসিমুখে বাড়ি ফিরেছেন, বিক্রেতা বেশি মুনাফা না পেয়ে হতাশ হয়েছেন। অনেক গরু আমদানিতে বিক্রেতাদের শঙ্কা ছিল, শেষ দিকে গত বছরের মতো অবস্থা হয় কি না। কিন্তু গতকাল ওই শঙ্কা কেটে গিয়ে হাসি ফুটেছে বিক্রেতাদের মুখে।
গতকাল বিকেলে অভিজাত এলাকা উত্তরা, বারিধারা ও আফতাবনগরের পশুর হাটগুলো ঘুরে এই চিত্র দেখা গেছে। তালতলা ও কমলাপুর হাটে গিয়েও একই চিত্র দেখা গেছে। মূলত গতকাল ঢাকার সব হাটেরই ছিল এই চিত্র।
গতকাল সকাল থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে হাটগুলো। ক্রেতার ভিড়ের কারণে দামও বাড়তে থাকে। দুপুর পর্যন্ত বেশির ভাগ হাটে গরুর দাম ছিল বেশি। দুপুরের পর দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে যেসব গরু আসছিল, সেগুলোর দাম আগেরগুলোর তুলনায় বেশি হাঁকছিলেন বিক্রেতারা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে হাটে ক্রেতা ও দাম বাড়তে থাকে। রাত পর্যন্ত দাম কিছুটা বাড়তির দিকে থাকলেও তা গত বছরের তুলনায় কম বলে জানালেন বেশির ভাগ ক্রেতা।
বনানী গরুর হাটের হাসিল কাউন্টারের হিসাবরক্ষক আনোয়ার হোসেন জানান, রোববারের তুলনায় গতকাল গরু বিক্রি হয়েছে তিন গুণেরও বেশি। রোববার সারা দিনে ওই কাউন্টার থেকে ৭৮টি গরু বিক্রির হাসিল কাটা হয়েছে। আর গতকাল বিকেলের মধ্যেই ৩০০টি গরু বিক্রির হাসিল কাটা হয়ে গেছে।
বারিধারা জে ব্লকের হাটটি বসেছে রামপুরা নতুন বাজার চৌরাস্তার মোড়ে। বিকেলে দেখা গেল, হাটে মানুষের ভিড় বাড়ছে। হাটের এ-মাথা থেকে ও-মাথা পর্যন্ত মোট ১৩টি কাউন্টারে হাসিল কাটা হচ্ছে। বনানীর মতো এই হাটেও ছাগল বিক্রি হচ্ছে প্রধান সড়কের ওপর। ক্রেতারা জানালেন, গরুর চেয়ে এবার ছাগলের দাম বেশি। ছোট ছাগল কমপক্ষে আট হাজার আর বড়গুলো ২৫ হাজার টাকা করে বিক্রি হচ্ছে।
বারিধারা থেকে কোরবানির জন্য গরু কিনতে আসা আহরার খন্দকার বলেন, শনি ও রোববার বাজার ঘুরে দেখেছেন পরে কিনবেন বলে। গতকাল এসে দেখেন, আকার ভেদে গরুর দাম ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। ফলে বিভিন্ন হাট ঘুরে দেখছেন, কোথায় কিছু কম দামে পাওয়া যায়।
পশুর হাটগুলো ঘুরে দেখা গেছে, ছোট আকৃতির গরু শনি ও রোববার বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ হাজার টাকায়, মাঝারি আকৃতির ৫০ থেকে ৭০ এবং বড় আকৃতির গরু লাখ টাকার ওপরে। গতকাল সকাল থেকে দাম বাড়লেও ক্রেতাদের আশানুরূপ দামের মধ্যেই ছিল। কিন্তু দুপুর নাগাদ হাটগুলোতে গরুর সংখ্যা কমে আসতে থাকে। কিন্তু এই সময়ে ক্রেতার সংখ্যা বাড়তে থাকে। বিকেল নাগাদ বেশির ভাগ হাটে গরুর তুলনায় ক্রেতার সংখ্যা বেড়ে যায়।
ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল নাগাদ বনানী, উত্তরা, বারিধারা ও আফতাবনগরের হাটে গরুর সংখ্যা কমে আসে। অনেকেই মিরপুরের তালতলা, কমলাপুর ও গাবতলী গরুর হাটে যান। সেখানেও বিকেল নাগাদ গরুর জোগান তুলনামূলকভাবে কম ছিল। আর যেসব পাইকারের কাছে গরু ছিল, তাঁরা এই সুযোগে দাম বাড়িয়ে দেন।