
পবিত্র আশুরার আগের রাতে হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বিস্ফোরিত গ্রেনেডের আঘাতের যন্ত্রণা অনেকটাই কমে এসেছে কায়েসের। সাত দিন আগের বিভীষিকাময় সেই রাতের আতঙ্কের ছাপ দেড় বছরের এই শিশুটির চোখে-মুখে নেই। নেই কান্না আর চিৎকার। বরং ছড়িয়ে আছে হাসি আর আনন্দ।
অথচ ২৪ অক্টোবর রাতে বোমার আঘাতে কায়েস আর তার মা হালিমা আহত হয়ে এসেছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গ্রেনেডের টুকরো বিদ্ধ করেছিল কায়েসের নরম শরীরকে। ওর দুটি পা এবং শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়। ক্ষত সারাতে কায়েসের দুই পায়ে ছিল ব্যান্ডেজ। দেওয়া হয়েছিল ইনজেকশন আর ওষুধ।
গতকাল শুক্রবার ঢাকা মেডিকেলের ২০৬ নম্বর ওয়ার্ডে গিয়ে জানা যায়, এখন ব্যথা সেরে গেছে কায়েসের। ফুটফুটে দুটি চোখ বেয়ে টপ টপ করে পড়ে না পানি। বরং পায়ের ব্যান্ডেজ খুলতেই অস্থির হয়ে যায় কায়েস। উল্টো সুযোগ পেলেই সেটি খুলে ফেলার চেষ্টা করে। মা, চিকিৎসক বা নার্সের কাছে ধরা পড়লেই বায়না জুড়ে দেয় শিশুটি। জানা গেছে, কয়েক দিনের মধ্যে কায়েসের শরীরে অস্ত্রোপচার করা হবে। গ্রেনেডের স্প্লিন্টার বের করা হবে।
কায়েসের মতো ওর মা হালিমাও এখন সুস্থতার পথে।
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন কায়েস আর হালিমা ছাড়াও হোসেনি দালানে গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় আহত ১৪ জনের মধ্যে ১১ জন এখন আশঙ্কামুক্ত। ঢাকা মেডিকেলের উপপরিচালক খাজা আবদুল গফুর প্রথম আলোকে বলেন, তিনজনের অস্ত্রোপচার করা হবে। তাঁরা হলেন রুনা (৩০), রাকির (২৬) ও সোহান (১১)। তাঁদের সবার শরীরে গ্রেনেডের টুকরো ঢুকে রয়েছে।
২৪ অক্টোবর হোসেনি দালানের বোমা বিস্ফোরণে ঘটনাস্থলে সাজ্জাদ হোসেন ওরফে সানজু (১৮) মারা যান। এরপর গত বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামাল উদ্দিন (৫৫)।
আরও পড়ুন: