হাসি ফুটেছে দিনাজপুরের সেই শিশুটির মুখে
দিনাজপুরে ধর্ষণের শিকার শিশুটির শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকদের দেখলে আগের মতো আর ভয়ও পাচ্ছে না। শৌচাগারে নিজে নিজে যেতে পারছে। প্রয়োজনে মায়ের সঙ্গে টুকটাক কথাও বলছে। মাঝেমধ্যে একটু হাসছেও।
আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও শিশুটির বাবার সঙ্গে কথা বলে শিশুটির এ অবস্থার কথা জানা যায়। চিকিৎসকদের মুখে খুশির আভা একটু বেশি থাকলেও শিশুটির বাবা ততটা খুশি হতে পারছেন না। তাঁর মনে সন্তানকে নিয়ে অজানা আশঙ্কা।
পাঁচ বছরের এই শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে চিকিৎসাধীন। ওর মাথা, গলা, হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ঊরুতে সিগারেটের ছ্যাঁকার ক্ষত। ওর প্রজনন অঙ্গেও ক্ষত ছিল।
গত ১৮ অক্টোবর শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও সেদিন তাকে পাওয়া যায়নি। পরদিন ভোরে শিশুটিকে তার বাড়ির কাছে হলুদখেতে গুরুতর অসুস্থ অবস্থায় পাওয়া যায়। প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে শিশুটি এখন আছে ঢাকা মেডিকেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির জন্য নয় সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ বোর্ডের সদস্য হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক সালমা রউফ প্রথম আলোকে জানালেন, শিশুটি আগের চেয়ে অনেক ভালো আছে। চিকিৎসকদের দেখতে দেখতে এখন আর ততটা ভয় পায় না। একটু কথা বলে। যোগাযোগ করতে চায়।
তবে শিশুটির শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে বলে জানান তিনি। বলেন, ও অনেক ছোট। বড় হতে হতে তার জীবনে ঘটে যাওয়া বীভৎস স্মৃতিটুকু ভুলেও যেতে পারে। সে সম্পর্কে এখনই কিছু বলা যাবে না।
ওসিসির সমন্বয়কারী বিলকিস বেগম বলেন, শিশুটি ধীরে ধীরে সুস্থ হচ্ছে। ওর ক্ষতস্থানের ঘা শুকানোর পর অস্ত্রোপচার করতে হবে। ওর মানসিক অবস্থাও উন্নতির দিকে। মায়ের সঙ্গে একটু কথা বলে, একটু একটু হাসেও। তার বিছানার পাশে বিভিন্ন খেলনা রাখা হয়েছে।
শিশুটির বাবা আজ সকালে ও বিকেলে মেয়েকে দেখতে ওসিসিতে গিয়েছিলেন। মেয়ের মুখে হাসিও দেখেছেন। কিন্তু হাসির ধরনটা তাঁর কাছে ভালো মনে হয়নি। তিনি বলেন, ‘খালি মন বলে, মেয়েতো সেইভাবে কথা বলে না। প্রতিবন্ধী বাচ্চার মতো কেমন যেন হাসে। বুঝে হাসল কি না, বুঝতে পারি না। এইটুকুন মেয়ে, কতগুলা ইনজেকশন দিতে হয়। আমার খুব খারাপ লাগে। আমার এক কথা, মেয়ের যেন কোনো সমস্যা না হয়।’
ঘটনার পর শিশুটির বাবা ২০ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামি সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন কবিরাজ (৪৮)। ২৪ অক্টোবর রাতে দিনাজপুর শহর থেকে সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। আফজাল পলাতক।