হাসিনা অন্তর্বর্তী সরকারপ্রধান হলে মানব না: ইসলামী আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের প্রধান থাকলে দেশে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে না।
গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের স্বার্থে নির্দলীয়, নিরপেক্ষ ও সব দলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান করতে হবে।
দেশের পরিস্থিতি নিয়ে গতকাল বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
লিখিত বক্তব্যে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের প্রধান হলে আমরা তা মেনে নেব না। নির্বাচনকালীন সরকার নিয়ে দলটির প্রস্তাব হচ্ছে সৎ, যোগ্য, আমানতদার ও দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে প্রভাবমুক্ত এবং যিনি আল্লাহ ও নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থাকেন—এমন সাবেক বিচারপতি, সচিব, শিক্ষাবিদ, সাংবাদিক, পেশাজীবী ও আলেম প্রতিনিধি নিয়ে একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক।’
চরমোনাই পীর অভিযোগ করে বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন যে অযোগ্য ও দলীয় আজ্ঞাবহ তা প্রমাণিত হয়েছে।
আমরা মনে করি, এই অযোগ্য নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।’
এই নির্বাচন কমিশনের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নিবন্ধিত সব দলের মতামতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবিও জানান তিনি।