হাসিনা আর কী বললে অপমানিত হবেন: গয়েশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গয়েশ্বর চন্দ্র রায়
গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উচ্চ আদালতের উদ্দেশে বলেছেন, ‘হাইকোর্টকে বলব, শেখ হাসিনা আর কী কী বললে আপনারা অপমানিত হবেন? আপনারা কি তাঁর কথা শোনেননি, পত্রিকায় পড়েননি?’

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে যুবদলের এক আলোচনা সভায় গয়েশ্বর এ মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় নেতা-কর্মীদের শুধু স্লোগান না দিয়ে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস। স্লোগান-সর্বস্ব আন্দোলন প্রসঙ্গে তিনি নেতা-কর্মীদের বলেন, ‘আফগানিস্তানে গর্জন হয়, বৃষ্টি হয় না। আপনাদের ঘরের ভেতরে বিনা মেঘে গর্জন একেবারেই ভালো লাগে না।’


মির্জা আব্বাস বক্তব্য দিতে দাঁড়ালে নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকেন। তাঁদের উদ্দেশে তিনি স্লোগানের পাশাপাশি আন্দোলনের প্রস্তুতি নেওয়ারও পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে আব্বাস বলেন, বিএনপিকে ফরমালিন দিয়ে বাঁচিয়ে রাখার প্রয়োজন নেই। বিএনপি মানুষের ভালোবাসায় সিক্ত।

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র্যাবের তিন সদস্যকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ায় আদালতের প্রশংসা করে গয়েশ্বর চন্দ্র বলেন, এতে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। শেখ হাসিনাকে গ্রেপ্তারের নির্দেশনা দিলে জনগণের আশা-আকাঙ্ক্ষার শতভাগ প্রতিফলন হবে বলেও দাবি করেন তিনি। নিজের দলের মধ্যে থাকা সংস্কারপন্থী হিসেবে পরিচিতদের সমালোচনা করে তিনি আরও বলেন, ভেজাল ইমামের পেছনে নামাজ পড়া যায় না। তেমনি ভেজাল নেতাদের দিয়ে আন্দোলনও হয় না।
অন্যদের মধ্যে বক্তব্য দেন যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।