হাসিনা ও খালেদাকে এক জায়গায় বসালেও সমস্যার সমাধান হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, ‘শুধু হাসিনা ও খালেদাকে এক জায়গায় বসিয়ে দিলে আমাদের সমস্যার সমাধান হবে না। যতক্ষণ না পর্যন্ত মৌলিক জায়গাগুলোতে আমাদের অবস্থান পরিষ্কার করতে পারব, সিদ্ধান্ত নিতে পারব যে এই বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই, ততক্ষণ সমাধান হবে না।’
গতকাল মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হাঙ্গার প্রজেক্ট আয়োজিত ‘শান্তিদূতদের দ্বিতীয় জাতীয় সম্মেলন’ শীর্ষক সম্মেলনে সুলতানা কামাল এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোনো ব্যক্তির জন্য, কোনো দলের জন্য, কোনো পরিবারের জন্য রাজনীতি করবেন না। রাজনীতি করেন মানুষ হওয়ার জন্য, মানুষের জন্য। তিনি আরও বলেন, ‘আমরা যতক্ষণ পর্যন্ত কিছু কিছু পরিচয়ের ঊর্ধ্বে উঠতে না পারব, ততক্ষণ সীমাবদ্ধতা থেকেই যাবে।’
সভাপতির বক্তব্যে হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদার বলেন, ‘ভিন্নধর্মাবলম্বীদের প্রতি, রাজনৈতিক ক্ষেত্রে, নির্বাচনকে নিয়ে সহিংসতা হচ্ছে। শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার।’ সাংবাদিক সোহরাব হাসান বলেন, রাজনীতির মূল নেতৃত্বের মানসিকতা পরিবর্তন করতে হবে। জোর করে ভোট নেওয়া যাবে না।
নির্বাচনকালীন সহিংসতা নিরসনে হাঙ্গার প্রজেক্ট ‘নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে জনগণ’ উদ্যোগ বাস্তবায়ন করছে। এবারের দ্বিতীয় জাতীয় সম্মেলনে ২৯টি জেলার ৪৮টি এলাকার ১৪৪ জন শান্তিদূত অংশ নিয়েছেন। তাঁদের অধিকাংশই স্থানীয় রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার।
অভিজ্ঞতা বিনিময় পর্বে রাজশাহীর চারঘাট উপজেলা থেকে আসা শান্তিদূত সাইফুল ইসলাম বাদশা বলেন, তাঁদের উপজেলার বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা ও বিভিন্ন পেশার মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতির বন্ধনে কাজ করছেন। ফলে সর্বশেষ ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচনে কোনো সহিংসতা সংঘটিত হয়নি। অনুষ্ঠানে আরও অনেক শান্তিদূত ও দাতা সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন।