হাসিনা-খালেদাকে একসঙ্গে বসালেই সমাধান হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাকরাইলে ‘শান্তিদূতদের দ্বিতীয় জাতীয় সম্মেলন’-এ বক্তব্য দেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল। ছবি: প্রথম আলো
রাজধানীর কাকরাইলে ‘শান্তিদূতদের দ্বিতীয় জাতীয় সম্মেলন’-এ বক্তব্য দেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল। ছবি: প্রথম আলো

মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, শেখ হাসিনা ও খালেদা জিয়াকে এক জায়গায় বসিয়ে দিলেই বাংলাদেশের সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধানের জন্য মৌলিক জায়গাগুলোতে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে, কেমন বাংলাদেশ চাই। দলগত ও সম্প্রদায়গত পরিচয়ের ঊর্ধ্বে উঠে জাতিগত পরিচয়ে বড় হতে পারলে সমাজ ও রাষ্ট্রে সম্প্রীতি গড়ে উঠবে।

আজ মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সম্মেলনে সুলতানা কামাল এ কথা বলেন।

‘শান্তিদূতদের দ্বিতীয় জাতীয় সম্মেলন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্টের ‘নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে জনগণ’ প্রকল্প। ইউকেএইড ও আইএফইএসের সহায়তায় নির্বাচনকালীন সহিংসতা নিরসনে এ প্রকল্প কাজ করছে। এর আওতায় একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা হচ্ছে, যেখানে স্থানীয় রাজনীতিকেরা শান্তিদূত হিসেবে কাজ করেন এবং একে অন্যের প্রতিপক্ষ না হয়ে শুভাকাঙ্ক্ষী হন।

প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল বলেন, ‘অন্য কেউ এসে আমাদের শান্তির বাণী শোনাবে কেন? আমরা কি একে অপরের বন্ধু হতে পারি না? ভবিষ্যতে বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই, তা নিয়ে ভাবতে হবে। নিজের পরিচয়কে বড় করে দেখতে হবে। রাজনীতি করতে হবে সমাজের ও মানুষের কল্যাণের জন্য। সমাজের মানুষের অধিকার আদায়ে সোচ্চার হতে হবে। তাহলেই আমরা আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করতে পারব।’ মুক্তিযুদ্ধকে বিক্রি করে কেউ স্বার্থ হাসিল করুক—এ দৃশ্য আমরা দেখতে চাই না বলেও তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, ‘আমরা যদি অপরের মতামতকে শ্রদ্ধা করতে পারি এবং অপরের মতামত প্রকাশ করার অধিকার নিশ্চিত করতে পারি, তাহলে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারব।’ তিনি আরও বলেন, ‘২০০১ সালের ভোটের পরের দিন আমরা দেখেছি বিজয়ী দলের কর্মীরা কীভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের এখানে বিজয়ীরা মহৎ হয় না। ২০০১ সালে যেমন ছিল, আজ ২০১৬ সালেও তা এতটুকু পাল্টায়নি। সে সময়ের বিজয়ীদের চেহারা আর আজকের বিজয়ীদের চেহারায় খুব ফারাক নেই।’ যারা ধর্মে ধর্মে সংঘাত করতে চায়, তাদের ব্যাপারে সতর্ক থাকার কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্য হাঙ্গার প্রজেক্টের এ দেশীয় প্রতিনিধি বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘বাংলাদেশে নির্বাচনী সহিংসতা বেড়ে চলেছে। তাই শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার।’

এবারের সম্মেলনে ২৯টি জেলার ৪৮টি এলাকার ১৪৪ জন শান্তিদূত অংশ নিয়েছেন। তাঁরা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির স্থানীয় নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অভিজ্ঞতা বিনিময় পর্বে রাজশাহীর চারঘাট উপজেলা থেকে আসা শান্তিদূত সাইফুল ইসলাম বাদশা বলেন, তাঁদের উপজেলার আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতির জন্য কাজ করছেন। ফলে সর্বশেষ ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে সেখানে কোনো সহিংসতা হয়নি।

অনুষ্ঠানের শুরুতে এই প্রকল্পের ব্যবস্থাপক সৈকত শুভ্র আইচ বিগত সময়ে প্রকল্পের গুরুত্বপূর্ণ অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরেন। শান্তিদূতরা তাদের নিজ নিজ এলাকায় সন্ত্রাস-সহিংসতা দূর করে সম্প্রীতি প্রতিষ্ঠায় যে অনন্য ভূমিকা পালন করেছেন তা তুলে ধরেন তিনি। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন ডিএফআইডির বাংলাদেশ প্রধান জেন এডমন্ডসন, ইউএসএইডের মিশন ডিরেক্টর জেনিনা জারুজেলস্কি এবং আইএফইএসের চিফ অব পার্টি সিলিয়া প্যাসিলিনা।