হাসিনা-খালেদাকে বাঁচানো গেল না!
টাঙ্গাইলের সখীপুরে জন্মের ৩৬ ঘণ্টা পর মারা গেল জোড়া লাগানো যমজ হাসিনা-খালেদা। গত শুক্রবার রাত নয়টায় স্থানীয় একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় এ যমজের। গতকাল রোববার সকাল নয়টায় নিজ বাড়িতে তারা মারা যায়।
যমজ নবজাতকের মায়ের নাম আলেয়া আক্তার ও বাবার নাম মো. আলামিন। তাঁদের বাড়ি উপজেলার জিতেশ্বরী গ্রামে। মা আলেয়া আক্তার সুস্থ আছেন বলে জানিয়েছেন তাঁর স্বামী।
অস্ত্রোপচারকারী চিকিৎসক শাহীনুর আলম প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের অস্বাভাবিক শিশুরা সাধারণত বেঁচে থাকে না। তবে সময়মতো ঢাকায় উন্নত চিকিৎসা দিতে পারলে হয়তো তাদের বাঁচানো যেত। ক্লিনিকে জোড়া লাগানো শিশুদের দেখতে লোকজন ভিড় করায় বিরক্ত হয়ে ওরা বাড়িতে চলে যায়।’
আলামিন বলেন, ‘আমি গরিব মানুষ, তাই ঢাকায় না নিয়ে বাড়িতে নিয়েছিলাম। আয়ু নেই তাই ওরা বাঁচেনি।’
হাসিনা-খালেদা নাম রাখার বিষয়ে আলামিন বলেন, ‘নাম আমি রাখিনি, হাসপাতালে দেখার জন্য লোকজন ভিড় করে। আগত লোকেরা যমজের নাম রাখেন হাসিনা-খালেদা। এলাকাতেও ওই দুই নাম প্রচার হয়।’