হাসিনা-খালেদার ফোনালাপ স্বাগত যুক্তরাজ্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ফোনালাপকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য।
গতকাল শনিবার এক বিবৃতিতে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন বলেন, ‘বাংলাদেশের অন্য অনেকের মতো আমি আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ইতিবাচক সংলাপের প্রক্রিয়ায় অগ্রগতির সংবাদকে স্বাগত জানাই।’ যুক্তরাজ্য সরকারের সহিংসতাবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে রবার্ট গিবসন বলেন, ‘আমাদের প্রত্যাশা থাকবে, আগামী দিনগুলোতে আমাদের সহিংস ঘটনা দেখতে হবে না।’
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সন্ধ্যায় গণভবনে বসে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ফোন করেন। গুলশানের বাড়িতে অবস্থানরত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হরতাল প্রত্যাহার করে কাল সোমবার আলোচনায় বসার আহ্বান জানান আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।