হাসিনা ট্রেন আনেন খালেদা পোড়ান: রেলমন্ত্রী

রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ থেকে জনগণের অর্থ খরচ করে ট্রেন আনেন। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া জামায়াতকে সঙ্গে নিয়ে আন্দোলনের নামে সেই ট্রেন পোড়ান। এটাই হলো শেখ হাসিনা আর খালেদা জিয়ার পার্থক্য।’
আজ বৃহস্পতিবার দুপুরে জয়দেবপুর রেলজংশনে ডেমু ট্রেন উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রেলপথমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আগে রেলপথ বিভাগ যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ছিল। বর্তমান সরকার যোগাযোগ মন্ত্রণালয় থেকে তা আলাদা করে রেলপথ মন্ত্রণালয় গঠন করেছে। যাত্রীসেবা তথা জনগণের সেবা বাড়াতে রেলপথ মন্ত্রণালয় মহাপরিকল্পনা হাতে নিয়েছে। নতুন রেললাইন স্থাপন, পুরোনো লাইন মেরামত, ইঞ্জিন আমদানি ছাড়াও সম্প্রতি চীন থেকে ২০টি ডেমু ট্রেন আমদানি করা হয়েছে। এ ছাড়াও ১৮ হাজার ৩১০ কোটি টাকার ৩৮টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়নের জন্য সময়সীমা ধরা হয়েছে। এই খাতে সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি যে প্রকল্প নিয়েছে, তাতে বিশ্বের উন্নত দেশের মতো সেবা দেওয়া সম্ভব। বর্তমান সরকার ট্রেনকে গণপরিবহনে পরিণত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যা আগে কখনো হয়নি।’
খালেদা জিয়ার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, ‘তিনি (খালেদা জিয়া) ক্ষমতায় গেলে নাকি দ্রুত ট্রেন সার্ভিস চালু করবেন। নির্বাচনী বৈতরণী পার হতে তিনি এখন এসব বক্তব্য দিচ্ছেন। এটা হলো তার ফাঁকিবাজি বক্তব্য। তিনি প্রধানমন্ত্রী থাকাকালে একটি ট্রেনও রেলে যোগ হয়নি। নতুন কোনো রেললাইন, রেলস্টেশনও নির্মাণ হয়নি। তাঁর সময়ে ১০০টি রেলস্টেশন বন্ধ করা হয়েছিল। তাঁর আমলে সবচেয়ে অবহেলিত ছিল এই রেলপথ বিভাগ।’
অনুষ্ঠানে গাজীপুর প্যাসেঞ্জার ফোরামের পক্ষে থেকে জয়দেবপুর স্টেশনে সব আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি, প্ল্যাটফর্ম, ওয়েটিংরুম, রেলের বগিতে বিশুদ্ধ পানি, বাতি, ফ্যান ও টয়লেটের সুব্যবস্থার দাবি জানালে মন্ত্রী তা পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলওয়ে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুনীল চন্দ্র পাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান ও রেলওয়ের মহাপরিচালক আবু তাহের প্রমুখ।
জয়দেবপুর-ঢাকা রুটে ডেমু ট্রেন চালু
জয়দেবপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. জিয়া উদ্দিন সরদার প্রথম আলো ডটকমকে জানান, আজ থেকে জয়দেবপুর-ঢাকা রুটে ডেমু (DEMU) ট্রেন সার্ভিস চালু হলো। দিনে চারবার এই ট্রেন ঢাকা-জয়দেবপুরে আসা-যাওয়া করবে। ঢাকা থেকে সকাল ৯টা ১৫ এবং ১২টা ৪০ মিনিটে ট্রেনটি গাজীপুরের উদ্দেশে ছেড়ে যাবে। এ ছাড়া জয়দেবপুর থেকে সকাল ১০টা ৪০ ও ২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ছাড়বে।
এতে চারটি বগিতে একসঙ্গে ৬০০ যাত্রী ভ্রমণ করতে পারবেন। ভাড়া জনপ্রতি ২০টাকা।