হাসিনা দৌলাকে দুদকের নোটিশ
বিভিন্ন ভুয়া প্রকল্পের নামে ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
উপপরিচালক মো. তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশটি আজ রোববার পাঠানো হয়েছে বলে দুদক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে।
এতে হাসিনা দৌলাকে ২১ অক্টোবর সকাল সাড়ে ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে নোটিশে।
ঢাকা জেলা পরিষদের প্রশাসকের বিরুদ্ধে ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরে বিভিন্ন ভুয়া প্রকল্পের মাধ্যমে কয়েক শ’ কোটি টাকার বিল পরিশোধের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। চলতি বছরের মাঝামাঝি অভিযোগটি অনুসন্ধান শুরু করে সংস্থাটি।
উপপরিচালক মো. তৌফিকুল ইসলাম অনুসন্ধান কর্মকর্তা ও পরিচালক মো. নূর আহাম্মদ তদারককারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।