হাসিনা দৌলার গাড়িতে হামলা, চালক আহত

ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার গাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছে। বাসায় ফেরার পথে গত বুধবার রাতে ঢাকার আশুলিয়ার বিশমাইল এলাকায় পুলিশের তল্লাশি চৌকির কাছে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা তাঁর ব্যবহূত সরকারি গাড়ি ভাঙচুর করে। হামলায় আহত হন চালক সাইফুল ইসলাম।
ঘটনার পর জেলা পরিষদের পক্ষ থেকে মুখ্য সহকারী সাহাবুদ্দিন আহামেদ গতকাল সকালে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা যায়, রাজধানী থেকে আশুলিয়ার কুটুরিয়ায় নিজ বাড়িতে ফেরার পথে বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশমাইল-জিরাব সড়কের বিশমাইল পুলিশের তল্লাশি চৌকির কাছাকাছি হাসিনা দৌলাকে বহনকারী গাড়িটি (ঢাকা মেট্রো-ঘ-১৩-৬৩৩২) ইটের ব্যারিকেডের মধ্যে পড়ে। এ সময় চালক সাইফুল ইসলাম ব্যারিকেড ভেঙে গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে সন্ত্রাসীরা গাড়িতে বল্লম ছুড়ে মারলে সাইফুলের ডান হাতে লাগে।
সাইফুল ইসলাম বলেন, মুখোশধারী সন্ত্রাসীদের হাতে আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল। হামলায় গাড়িটি চুরমার হয়ে যায়।
গতকাল দুপুর থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত একাধিকবার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলমের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ডায়েরি বা ঘটনার ব্যাপারে কিছু জানেন না বলে জানান। তবে থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জিডির বিষয়টি নিশ্চিত করেন।
জানতে চাইলে হাসিনা দৌলা প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিকসহ নানা কারণে আমি অনেকের হামলার টার্গেটে রয়েছি। তাই আমাকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়ে থাকতে পারে। হামলার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। সশস্ত্র প্রহরী ছাড়া রাস্তায় বের হওয়াই আমার জীবনের জন্য ঝুঁকি হয়ে পড়েছে।’
হাসিনা দৌলা আরও বলেন, ঘটনাস্থল থেকে কয়েক গজ দূরে আশুলিয়া থানার পুলিশের তল্লাশি চৌকি থাকলেও সেখানে কোনো পুলিশ ছিল না। তবে ঘটনার পর পুলিশ ও র্যাবের কর্মকর্তারা বাড়িতে গিয়ে ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন।