হাসিনা-লি মুং বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে যৌথ প্রয়াস চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিউল সফর অত্যন্ত সফল হয়েছে। এ সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মুং বাকের সঙ্গে তাঁর শীর্ষ বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যৌথ প্রয়াস চালানো হবে। ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত তেইয়াং ছো গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সফর ছাড়াও উত্তর কোরিয়ার টর্পেডোর আঘাতে দক্ষিণ কোরিয়ার রণতরী ডুবে যাওয়ার বিষয়ে তাঁর দেশের সর্বশেষ অবস্থান তুলে ধরেন।তেইয়াং ছো বলেন, শেখ হাসিনার সফরের সময় বেশ কয়েকটি ক্ষেত্রে চুক্তি সই হয়েছে। সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে দুই নেতার ঐকমত্য হয়েছে। ফলে শীর্ষ বৈঠক নিয়ে দুই দেশের নেতারা সন্তুষ্ট। তিনি জানান, শীর্ষ বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছে, তা বাস্তবায়নের জন্য দুই দেশকে উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে তিনিও তাঁর পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালাবেন।দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগ বাড়বে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, গত কয়েক বছরের তুলনায় এ বছর বাংলাদেশি শ্রমিক নিয়োগের প্রক্রিয়া অনেক দ্রুত হবে। ফলে সংখ্যাও বাড়বে। সংখ্যা কত হবে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে গত কয়েক বছরের তুলনায় বেশি হবে। তিনি জানান, ইপিএসের আওতায় সেখানে ২০০৭ ও ২০০৮ সালে দুই হাজার ৮০০ এবং ২০০৯ সালে তিন হাজার ৮০০ বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে।দক্ষিণ কোরিয়ার বৈদেশিক শ্রমিক নিয়োগ কর্মসূচি ইপিএসের্র(এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম) আওতায় এ বছর বাংলাদেশসহ ১৫টি দেশের ২৪ হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে। তৈরি পোশাক ও হিমায়িত খাদ্য দক্ষিণ কোরিয়ার বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে কি না, জানতে চাইলে তেইয়াং বলেন, এ বিষয়টি জানতে আরও কিছু দিন অপেক্ষায় থাকতে হবে। তেইয়াং বলেন, ‘কোরীয় উপদ্বীপে শান্তি বজায় রাখতে আমরা সর্বোচ্চ সংযম দেখাব। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা পিছু হটব না।’