হাসিনা সরকারের প্রথম দিকের পদক্ষেপ নিয়ে হতাশা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেওয়া প্রথম দিককার পদক্ষেপ নিয়ে হতাশ হন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) গোলাম কাদের। সরকার গঠনের কিছুদিন পর ২০০৯ সালের ১১ ফেব্রুয়ারি তিনি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির সঙ্গে আলোচনায় তাঁর এ হতাশার কথা তুলে ধরেন। অথচ গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার জন্য প্রধান দুই রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই উপদেষ্টার।উইকিলিকসে ফাঁস হওয়া মরিয়ার্টির গোপন তারবার্তা অনুযায়ী গোলাম কাদের নিজেই রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেন হাসিনা সরকারের প্রাথমিক পদক্ষেপ নিয়ে তাঁর হতাশা ব্যক্ত করার জন্য।প্রশাসনে দলীয়করণ এবং সুশাসন জোরদার করার প্রতিশ্রুতি পূরণে শেখ হাসিনার ব্যর্থতায় চরম হতাশা প্রকাশ করেন গোলাম কাদের। তাঁর বিশ্বাস ছিল, অকার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার উন্নতি চান শেখ হাসিনা। কিন্তু তাঁর অধীন ব্যক্তিরাই তাঁকে অগ্রসর হতে দিচ্ছেন না।গোলাম কাদের মরিয়ার্টিকে জানান, সেনাবাহিনীর সঙ্গে নতুন সরকারের সম্পর্ক প্রত্যাশার চেয়ে ভালো। এ ছাড়া বিগত সময়ে প্রাদুর্ভাবের মতো ছড়িয়ে পড়া দুর্নীতি প্রতিরোধে সরকারের আন্তরিকতা একেবারে দুর্বল নয়। মার্কিন রাষ্ট্রদূতকে গোলাম কাদের জানান, প্রশাসনের দলীয়করণ এবং সেখানে আওয়ামী লীগের লোকজন ঢুকতে থাকায় নৈরাশ্য সৃষ্টি হয়েছে। জ্যেষ্ঠ আমলাদের কয়েকজনকে অপসারণের উদাহরণও দেন তিনি।নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে শেখ হাসিনার অনেক আলোচনার বিষয়ও উল্লেখ করেন গোলাম কাদের। তিনি জানান, শেখ হাসিনাকে তিনি বলেছিলেন ক্ষমতায় গেলে দলের বাইরের কাউকে অর্থমন্ত্রী নিয়োগ দেওয়ার জন্য। এ সময় হাসিনা একটি নামও বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অর্থমন্ত্রী করা হলো আওয়ামী লীগ থেকে নির্বাচিত আবুল মাল আবদুল মুহিতকে।সাবেক উপদেষ্টা আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আলোচনার সময় সুশাসন প্রতিষ্ঠায় হাসিনার আন্তরিকতার অভাব ছিল না। কিন্তু নতুন সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের জন্য তিনি দায়ী করেন হাসিনার অধীন ব্যক্তিদের, যেমন তাঁর উপদেষ্টা এইচ টি ইমাম। প্রশাসনে দলীয়করণের জন্য তিনি ইমামকেই দায়ী করেন। এ ছাড়া নির্বাচনের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়া সহিংসতায় উসকানি দেওয়ার জন্য তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের দায়ী করেন, যাঁরা হাসিনার বিরোধী।গোলাম কাদের বলেন, ‘হাসিনা ইতিবাচক পরিবর্তন চান। কিন্তু তিনি ঠিক জানেন না, কীভাবে সেটা করতে হবে।’ বিগত চারদলীয় জোট সরকারের অক্ষমতা ও চৌর্যবৃত্তির চেয়ে আওয়ামী লীগের আগামী পাঁচ বছর অধিকতর ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।