হাসিনাকে চাপ দিতে আহ্বান পাকিস্তান জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় জামায়াতে ইসলামীর আমির ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীসহ ১৪ জনকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান জামায়াত-ই-ইসলামি। একই সঙ্গে এ দণ্ডাদেশকে ‘তিরস্কারযোগ্য’ আখ্যা দিয়ে তা ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ সৃষ্টি করতে পাকিস্তান ও অন্য মুসলিম দেশগুলোর হস্তক্ষেপ কামনা করেছে দলটি।
পাকিস্তান জামায়াতের প্রধান সৈয়দ মুনাওয়ার হাসানের বিবৃতির বরাত দিয়ে গত বৃহস্পতিবার পাকিস্তানের ইংরেজি ভাষার দৈনিক দ্য নেশন ও উর্দু ভাষার টেলিভিশন চ্যানেল দুনিয়া নিউজের অনলাইনে এ খবর প্রকাশ করা হয়।
সংবাদমাধ্যম দুটির প্রতিবেদনে বলা হয়, মতিউর রহমান নিজামী ও অপর ১৩ জনের ফাঁসির দণ্ডাদেশকে ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক’ বলে অভিহিত করে তা প্রত্যাখ্যান ও তীব্র নিন্দা জানিয়েছেন মুনাওয়ার হাসান।
বিবৃতিতে পাকিস্তান জামায়াতের প্রধান এ মামলার পেছনে ভারতের হাত রয়েছে বলেও অভিযোগ করেন। এ ঘটনাকে ‘জুলুম’ অভিহিত করে তা ঠেকাতে সহায়তা এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে দমন-পীড়ন বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ সৃষ্টি করতে পাকিস্তান সরকার ও অন্য সব মুসলিম দেশের শাসকদের প্রতি আহ্বান জানান তিনি।
পাকিস্তান জামায়াতের নেতা বলেন, মামলার প্রাথমিক পর্যায়ে নিজামীর নাম অন্তর্ভুক্ত ছিল না। অনেক পরে তাঁকে এ মামলায় জড়ানো হয়েছে। তিনি দাবি করেন, নিজামীর মতো মানুষের বিরুদ্ধে কোনো সুস্থ মানুষ অস্ত্র চোরাচালানের অভিযোগ আনতে পারে না।