হাসিনাকে মানবে না ইসলামী আন্দোলনও
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের প্রধান হলে দেশে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে না। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের স্বার্থে নির্দলীয়, নিরপেক্ষ ও সব দলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারের প্রধান করতে হবে। এ পদে শেখ হাসিনাকে ইসলামী আন্দোলন মেনে নেবে না। তাঁর অধীনে দলটি নির্বাচনে অংশ নেবে না।
আজ বুধবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, বর্তমান সরকার জাতীয় সংসদ বহাল রেখে নির্বাচন করতে চাইছে। বর্তমান সংসদ বহাল রেখে নির্বাচন করলে সেটা সুষ্ঠু হবে না। নির্বাচনের নামে তামাশা হবে। দেশবাসী কোনো তামাশার নির্বাচন মেনে নেবে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি, প্রধানমন্ত্রীর পূর্বঘোষণা অনুযায়ী সংসদ ভেঙে দিয়ে নির্দলীয়-নিরপেক্ষ ব্যক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক। দলটির আমির অভিযোগ করে বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন যে অযোগ্য ও দলীয় আজ্ঞাবহ তা প্রমাণিত হয়েছে। আমরা মনে করি, এই অযোগ্য নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।’ তিনি নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানান।
মিছিল-মিটিং নিষিদ্ধ করে মহাজোট সরকার জনগণের গণতান্ত্রিক, সাংবিধানিক ও মৌলিক অধিকার হরণ করেছে বলে অভিযোগ করেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। তিনি এর নিন্দা জানান।
ইসলামী আন্দোলন অন্তর্বর্তী সরকারব্যবস্থা নিয়ে একটি প্রস্তাব দিয়েছে। দলটির মতে, সত্, যোগ্য, আমানতদার, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে প্রভাবমুক্ত এবং যিনি আল্লাহ ও নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থাকেন এমন সাবেক বিচারপতি, সচিব, শিক্ষাবিদ, সাংবাদিক, পেশাজীবী ও আলেম প্রতিনিধি নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করা হোক।