হাসিনাকে হত্যাচেষ্টার অভিযোগে সাকার মামলা, পরে খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাগারে বন্দী থাকাকালে শেখ হাসিনাকে বিষ প্রয়োগে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। গতকাল বুধবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে করা এ মামলায় সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, তত্কালীন সেনাপ্রধান মইন উ আহমেদ, লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, মেজর জেনারেল (অব.) এ টি এম আমিন, ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুল বারী ও সাবেক কারামহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির আহমেদকে আসামি করা হয়। দুপুর পৌনে ১২টায় সাকা চৌধুরী আদালতে হাজির হয়ে বলেন, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদনেতা শেখ হাসিনা গত ১১ মার্চ জাতীয় সংসদে ভাষণদানকালে সরাসরি অভিযোগ করেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে জাতীয় সংসদ ভবনের পাশে স্থাপিত সাবজেলে তাঁকে (শেখ হাসিনা) খাবারের মাধ্যমে বিষ প্রয়োগ করা হয়েছে। আসামিরা পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে শেখ হাসিনার খাবারে বিষ প্রয়োগের মাধ্যমে তাঁকে হত্যার চেষ্টা করেন। সাকা চৌধুরী আদালতকে বলেন, ‘প্রধানমন্ত্রী জাতীয় সংসদনেতা, আমি সেই সংসদের সদস্য। তাই আদালতে উপস্থিত হয়ে আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করছি।’ বিকেলে মহানগর হাকিম এ কে এম এমদাদুল হক সংবিধানের ৫১ ও ৭৮ অনুচ্ছেদের আলোকে মামলাটি খারিজ করে দেন।