হাসিনাকে হত্যার জন্য নতুন ক্ষেত্র সৃষ্টি করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে হত্যার জন্য নতুন করে ক্ষেত্র সৃষ্টি করা হচ্ছে। তাঁর অভিযোগ, কিছু কিছু পত্রিকা ও টেলিভিশন চ্যানেল বিশেষ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গতকাল সোমবার আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণসভায় সৈয়দ আশরাফ এ অভিযোগ করেন।সৈয়দ আশরাফ বলেন, বিভিন্ন সময় শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল। সেটা এখনো অব্যাহত আছে। যেকোনো সময় সুযোগ পেলে তাঁকে হত্যা করা হতে পারে। তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যেও দলের সঙ্গে সরকারের বিভেদ ও দূরত্ব সৃষ্টির চেষ্টা চলছে। কারণ তারা জানে, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করা যাবে না। তাই তিনি দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সৈয়দ আশরাফ অভিযোগ করেন, দেশে কিছু পত্রিকা ‘আন্না হাজারে’ খুঁজছে। যারা ১-১১ ঘটিয়েছিল, তারাই আন্না হাজারে বলে মন্তব্য করেন এই আওয়ামী লীগের নেতা।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিএনপিকে উদ্দেশ করে বলেন, তারা বিভিন্নভাবে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তবে যারা দোষী তাদের শাস্তি ভোগ করতেই হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ বক্তব্য দেন।