হাসিনাকেও কাঁদতে হবে: খালেদা
অপহরণ-গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও একদিন কাঁদতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া৷
র্যাব পরিচয় দিয়ে ধরে নেওয়ার পর ছয় মাস ধরে নিখোঁজ লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সাইফুল ইসলাম এবং পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের স্বজনদের সঙ্গে সাক্ষাৎকালে খালেদা জিয়া এ মন্তব্য করেন৷
এ দুই নেতার স্ত্রী ও ছেলেমেয়েরা গতকাল রাত সাড়ে আটটার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের বাসায় যান৷
তাঁরা খালেদা জিয়াকে জানান, গত বছরের ২৭ নভেম্বর অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় আসার পথে র্যাবের সদস্যরা এ দুই নেতাসহ তিনজনকে তুলে িনয়ে যান৷
পরে একজনকে র্যাব লাকসাম থানায় হস্তান্তর করলেও সাইফুল ইসলাম ও হুমায়ুন কবিরকে আটকের কথা স্বীকার করেনি র্যাব৷ এর পর থেকে দুজন নিখোঁজ৷ এ সময় স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।
খালেদা জিয়া দুই নেতার স্বজনদের প্রতি সমবেদনা জানান ও ধৈর্য ধারণ করার পরামর্শ দেন। তিনি বলেন, সরকার যতই গুম-খুন করুক না কেন, তাদের বিদায় করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এভাবে চলতে পারে না। এভাবে চলতে দেওয়া যায় না। সরকারের অন্যায়ের প্রতিবাদ করতে হবে।
খালেদা জিয়া বলেন, সরকার বিএনপিকে সমাবেশ করতে দেয় না। তারা এত অপকর্ম করেছে, গুম-খুন, সন্ত্রাস, আত্মীয়করণ করেছে যে তা চিন্তার বাইরে। সবগুলো প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে। তিনি বিভিন্ন স্থানে গুম-খুনের সঙ্গে জড়িত র্যাব সদস্যদের বিচারের দাবি জানান৷
খালেদা জিয়া অভিযোগ করেন, পুলিশ, প্রশাসন, বিচার বিভাগে দলীয়করণ করা হয়েছে। এখন দেশে দুই রকম বিচার চলছে। সরকারি দলের সদস্যদের জন্য একরকম আর বিরোধী দল ও সাধারণ মানুষের জন্য আরেক রকম। বিরোধী দলের নেতা-কর্মীরা কোনো অপরাধ না করলেও তাদের শাস্তি দেওয়া হয়। আর আওয়ামী লীগের লোকেরা গুম-খুন করলেও তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।
আজ মুন্সিগঞ্জে খালেদা জিয়ার সমাবেশ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বুধবার মুন্সিগঞ্জে সমাবেশ করতে যাচ্ছেন। দেশব্যাপী গুম, খুন, অপহরণের প্রতিবাদে বেলা তিনটায় শহরের লঞ্চঘাটসংলগ্ন হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় এই সমাবেশ হওয়ার কথা রয়েছে।
গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান,
মুন্সিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত ওই সমাবেশের অনুমতি পাওয়া গেছে। সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো বাধা দেয়নি।
মুন্সিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন জানান, সমাবেশ সফল করতে জেলা বিএনপি ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে৷