হাসিনার অধীনে নির্বাচনে যাব না: খালেদা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘আপনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আপনার অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না।’ তিনি আরও বলেন, ‘আপনি যদি মনে করেন আপনি জনপ্রিয়, তা হলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন।’
খালেদা জিয়া বলেন, ‘আপনার নৌকা ফুটো হয়ে গেছে। সেই নৌকায় আর কোনো মাঝি উঠবে না।’
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সম্মিলিত পেশাজীবী পরিষদের জাতীয় সম্মেলনে খালেদা জিয়া এ সব কথা বলেন।
শেখ হাসিনাকে উদ্দেশ করে খালেদা জিয়া বলেন, ২০০৭ সালের ২২ জানুয়ারির নির্বাচনে আপনি অংশ নেননি।আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে প্রধান বিচারপতি কে এম হাসানকে মানেননি, এখন আপনাকেও মানার কোনো কারণ নেই।’ তিনি বলেন, ‘এই দেশে সব অসাংবিধানিক সরকারকে আপনি সমর্থন করেছেন।’
খালেদা জিয়া বলেন, এই বাংলাদেশে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে।গণতান্ত্রিক সরকারই ক্ষমতায় আসবে।
খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকে নিরপেক্ষ রাখেনি।কাউকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্চ্ছে না।পুলিশ প্রশাসনকে দলীয়করণ করা হচ্ছে।আওয়ামী লীগের কথা এখন মানুষ আর বিশ্বাস করে না।তিনি বলেন, ‘আওয়ামী লীগ হঠান, দেশ বাঁচান।’
আজ সকাল ছয়টা থেকে রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ডিএমপি।তবে ১৪টি শর্তে সম্মিলিত পেশাজীবী পরিষদকে জাতীয় কনভেনশন করার অনুমতি দেওয়া হয়।এরপর বিকেল সোয়া চারটার সময় হল অব ফেমে উপস্থিত হন খালেদা জিয়া।
সম্মেলন শুরু হওয়ার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মিলনায়তন।অনুষ্ঠান সঞ্চালনা করছেন পেশাজীবী পরিষদের সদস্যসচিব এ জেড এম জাহিদ হোসেন।সম্মিলিত পেশাজীবী পরিষদের অনেক নেতা বক্তব্য দিয়েছেন।
মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এলডিপির সভাপতি অলি আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, সাংবাদিক নেতা ও অনুষ্ঠানের আহ্বায়ক রুহুল আমিন গাজী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকদের আহ্বায়ক সদরুল আমিন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, চলচ্চিত্রনির্মাতা চাষী নজরুল ইসলাম, জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম নাজির আহমদ, ড্যাবের সভাপতি আজিজুল হক প্রমুখ।