হাসিনার অধীনেই ভবিষ্যতে নির্বাচনে যেতে হবে: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যতে খালেদা জিয়া ও তাঁর দল কোনো নির্বাচনে অংশ নিতে চাইলে শেখ হাসিনার অধীনেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

গতকাল মঙ্গলবার মোহাম্মদপুর থানা ও সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর সম্মেলনে তোফায়েল আহমেদ এ মন্তব্য করেন। রাজধানীর মোহাম্মদপুর শহীদপার্ক মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, বাংলার মাটিতে আর কোনো দিন নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। নির্বাচন হবে ক্ষমতাসীন দলের অধীনে। তিনি বিএনপির চেয়ারপারসনের উদ্দেশে বলেন, ‘আপনি যদি কোনো নির্বাচনে অংশ নিতে চান, তবে শেখ হাসিনার অধীনেই অংশ নিতে হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন হয়েছে পাঁচ বছরের জন্য। আপনি (খালেদা জিয়া) পাঁচ বছর অপেক্ষা করেন। সভা-সমাবেশ করেন। জেলায় জেলায় সফর করেন। বক্তৃতা করেন। আমাদের ভুল-ত্রুটি হলে ধরিয়ে দিন।’ আওয়ামী লীগের মোহাম্মদপুর থানার সভাপতি সাদেক খানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন স্থানীয় সাংসদ জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।