হাসিনার জীবননাশের ষড়যন্ত্র চলছে: শেখ সেলিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘শেখ হাসিনার জীবননাশের ষড়যন্ত্র থেমে নেই। সম্প্রতি আনসারউল্লাহ বাংলা টিমের হিট লিস্টে শেখ হাসিনাসহ আরও দুজন মন্ত্রীর নাম থাকা এরই প্রমাণ।’ আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় শেখ সেলিম এসব কথা বলেন। শেখ সেলিম বলেন, যতই ষড়যন্ত্র হোক না কেন, যুদ্ধাপরাধীদের বিচার চলবেই। কোনো জঙ্গি গোষ্ঠী এ বিচার থামাতে পারবে না। বাংলার মাটি থেকে সব জঙ্গির মূলোত্পাটন করা হবে।
মিথ্যা বলা বিএনপির চারিত্রিক বৈশিষ্ট্য, উল্লেখ করে সেলিম বলেন, ‘খালেদা জিয়ার বর্তমান পাসপোর্টের জন্ম তারিখ ৫ আগস্ট। তাঁর বিয়ের কাবিনেও ১৫ আগস্ট নেই। শুধু বঙ্গবন্ধুর খুনিদের উত্সাহিত করতে খালেদা জিয়া ১৫ আগস্ট জন্মদিন পালন করেন।’
সাবেক মন্ত্রী সেলিম বলেন, ‘এ জাতির কেউ যদি ক্ষতি করে থাকে সে হলো জিয়াউর রহমান। কারণ ৭৫-এর পরে সে জামায়াতকে রাজনৈতিক পুনর্বাসনের মাধ্যমে বাঙালির মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করেছিল।’ তিনি বলেন, ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় যখন সিরিজ বোমা হামলা হয়, তখন নিজামী বলেছিলেন, বাংলা ভাই আর জঙ্গিবাদ মিডিয়ার সৃষ্টি। এর মাধ্যমে তাঁরা জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দিয়েছেন। তাঁদের উদ্দেশ্যে ছিল বাংলাদেশকে একটি তালেবান ও জঙ্গি রাষ্ট্র বানানো।
আলোচনা সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘১৭ আগস্ট ৬৩ জেলায় গ্রেনেড হামলা করে জঙ্গিগোষ্ঠীরা বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে চেয়েছিল।’ হামলাকারীদের বিচার বাংলার মাটিতে হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজউদ্দিন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ অন্যরা। ১৭ আগস্ট সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।