ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে, যা দুই দেশের জনগণের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে ভারত। তবে এই সফরে তিস্তা চুক্তি ও গঙ্গা ব্যারাজের বিষয়ে সুরাহা হবে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।
এপ্রিলে শেখ হাসিনার প্রস্তাবিত সফরের প্রস্তুতি নিয়ে গতকাল সোমবার বিকেলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তাঁর দপ্তরে ঘণ্টা দেড়েক আলোচনা করেন হর্ষবর্ধন শ্রিংলা। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
শেখ হাসিনার সফরের আগে তিস্তা নিয়ে ভারতের অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষ হবে কি না, এ প্রশ্নের জবাবে হর্ষবর্ধন বলেন, ‘এ নিয়ে কাজ হচ্ছে। তবে কোনটা সম্ভব এবং কোনটা সম্ভব নয়, তা আমাদের দেখতে হবে।’ গঙ্গা ব্যারাজ প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে দুই দেশের মধ্যে সহযোগিতা বেশ ভালো। প্রকল্পটি নিয়ে বাংলাদেশ অংশে সমীক্ষা হয়েছে। ভারতে এর কী প্রভাব পড়বে, তা খতিয়ে দেখা হয়নি। এ জন্য ভারতীয় অংশে এর প্রভাব নিয়ে সমীক্ষা হওয়া উচিত। এ জন্য দুই দেশের কর্মকর্তাদের নিয়ে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে।
শেখ হাসিনার সফরকে ভারত সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে হর্ষবর্ধন শ্রিংলা জানান, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিল্লি সফরের সময় রাষ্ট্রপতি ভবনে থাকার আমন্ত্রণ জানিয়েছেন। সাধারণত এ ধরনের আমন্ত্রণ জানানো হয় না।