হাসিনার নির্দেশে আমার ছেলেকে গুম করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী তাঁর ছেলেকে অপহরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন।গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে মুফতি আমিনী বলেন, ‘শেখ হাসিনা ও তাঁর সরকারের কর্মকাণ্ড জঙ্গিবাদকে উৎসাহিত করছে। তারা ইতিমধ্যে দুজনকে শহীদ করেছে, আমার ছেলেকে গুম করেছে। আমার বিশ্বাস, এই গুম ও হত্যা শেখ হাসিনার সরাসরি নির্দেশেই করা হয়েছে।’মুফতি আমিনী গতকাল লালবাগ কার্যালয়ে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের যৌথ সভায়ও একই বক্তব্য দেন। সেখানে তিনি আরও বলেন, ‘আমার মতো অনেকেরই সন্তান আছে। সন্তানের মহব্বত কী জিনিস, আমার মতো তাঁরাও নিশ্চয় বোঝেন। স্পর্শকাতর এই জায়গায় আঘাত করে সরকারের পরিণতি শুভ হতে পারে না।’প্রসঙ্গত, মুফতি আমিনীর ছেলে আবুল হাসানাতকে (৩০) গত রোববার রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে সাদা পোশাকের একদল লোক ধরে নিয়ে যায়। এর পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।প্রস্তাবিত নারীনীতি বাতিলসহ তিন দফা দাবিতে ৪ এপ্রিল মুফতি আমিনীর ডাকা হরতালকে কেন্দ্র করে যশোর ও চট্টগ্রামে দুজন নিহত হওয়া, শত শত আলেমকে গ্রেপ্তার, হয়রানিমূলক মামলা এবং আমিনীর ছেলেকে সরকারের গোয়েন্দা বাহিনী কর্তৃক অপহরণ ও গুম করে রাখার প্রতিবাদে গতকাল তাঁরা জাতীয় প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশটি করেন।সমাবেশে ১৮ এপ্রিল সারা দেশে দোয়া দিবস এবং ২০ এপ্রিল ঢাকায় জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনের কর্মসূচি ঘোষণা করা হয়।মুফতি আমিনী বলেন, ৪ এপ্রিলের হরতালে ইসলামি শক্তির প্রাথমিক মহড়া হয়েছে। চূড়ান্ত মহড়া শুরু হলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এক ঘণ্টার মধ্যে সারা দেশ অচল করে দেওয়ার ক্ষমতা তাঁর আছে বলেও দাবি করেন তিনি। আবুল কাশেমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির মুহাম্মদ ইসহাক, কমিটির মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, নায়েবে আমির আবদুল লতিফ নেজামী প্রমুখ।