হাসিনার নির্বাচনী এলাকায় বিএনপি-সমর্থিত প্রার্থী এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে আজ। এ উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এ কে এম ছায়াদত হোসেন ওরফে বকুল প্রায় ১৩ হাজার ভোটে পিছিয়ে আছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় জানায়, রাত ১০টা পর্যন্ত ১০৬টির মধ্যে ৫০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি-সমর্থিত প্রার্থী সাবেক সাংসদ নূর মোহাম্মদ মণ্ডল পেয়েছেন ৪৯ হাজার ২০০ ভোট। ছায়াদত হোসেন পেয়েছেন ৩৬ হাজার ১০০ ভোট।
উল্লেখ্য, দশম সংসদ নির্বাচনে পীরগঞ্জ উপজেলার এই আসন থেকে শেখ হাসিনা নির্বাচিত হয়েছেন। তিনি এ আসন ছেড়ে দিলে উপনির্বাচনে শিরীন শারমিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন। পীরগঞ্জ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দুইজন প্রার্থী রয়েছেন। বিদ্রোহী প্রার্থী থাকায় আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনে বিপাকে পড়েছেন বলে সাধারণ ভোটাররা ধারণা করছেন। আওয়ামী লীগের এই দুই প্রার্থী হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম ছায়াদত হোসেন ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মেশকোয়ারা হাবিব ওরফে মুক্তি। জেলা ও উপজেলা আওয়ামী লীগ ছায়াদত হোসেনকে সমর্থন করলেও মেশকোয়ারা হাবিব বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
অন্যদিকে ১৯-দলীয় জোটে একক প্রার্থী নূর মোহাম্মদ মণ্ডল। তিনি ২০০১ সালের সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হয়ে নির্বাচন করে শেখ হাসিনাকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি ২০০৮ সালে জাতীয় পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগদান করেন এবং ওই একই বছর সংসদ নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনার কাছে হেরে যান। সেই নূর মোহাম্মদ মণ্ডল এবার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচনে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলায় মোট ভোটার দুই লাখ ৬২ হাজার।