হাসিনার মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র মামলা বাতিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগে করা মামলাটি বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। এ নিয়ে উচ্চ আদালতের রায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা পৃথক সাতটি মামলা অবৈধ ও বাতিল হলো। আদালতে শেখ হাসিনার পক্ষে আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী সৈয়দ মিজানুর রহমান মামলা পরিচালনা করেন।রায় প্রসঙ্গে মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, রায়ে আদালত বলেছেন, মামলার এফআইআরে রিট আবেদনকারীর (শেখ হাসিনার) নাম ছিল না। অভিযোগপত্রে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগেরও সারবত্তা পাওয়া যায়নি। অপরাধের উপাদান না থাকায় আদালত মামলাটি বাতিল করে দিয়েছেন। জানা গেছে, যুদ্ধজাহাজ ক্রয় ও বেপজায় পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে বিএনপি-জামায়াত জোট আমলে করা দুটি মামলা বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর করা আবেদনের শুনানি আগামী বুধবার হওয়ার কথা। দুদকের কৌঁসুলি সৈয়দ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, শুধু আবেদনকারীর ক্ষেত্রে হাইকোর্ট মামলাটি বাতিল ঘোষণা করেছেন। রায়ের বিরুদ্ধে আপিল করার প্রশ্নে তিনি বলেন, ইতিমধ্যে দুদক রায় জেনেছে। রায়ের অনুলিপি পাওয়ার পর আপিলসহ পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। বিএনপি-জামায়াত জোট আমলে ২০০১ সালের ১১ ডিসেম্বর তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী রফিকুল ইসলামের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করে। এতে রাষ্ট্রের ১৭ কোটি ৪২ লাখ টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। ২০০২ সালের ১৪ অক্টোবর শেখ হাসিনা, বর্তমান যোগাযোগমন্ত্রী আবুল হোসেনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ওই বছরই শেখ হাসিনা হাইকোর্টে মামলাটি বাতিলের জন্য আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত মামলার কার্যক্রম স্থগিত করেন। পাশাপাশি মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। এ রুলের ওপর শুনানি শেষে গতকাল হাইকোর্ট রায় দেন।