‘আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী মসজিদ-মাদ্রাসায় সহযোগিতা করে। জনাবা হাসিনার সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই।’ গতকাল সোমবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারীর পার্বতী হাইস্কুল মাঠে এক সমাবেশে এ ঘোষণা দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ আহমদ শফী।
গত বছরের ৫ মে রাজধানী ঢাকার মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ঘটনায় হতাহতদের স্মরণে এ সমাবেশের আয়োজন করা হয়। হেফাজতের আমির বলেন, ‘আমাদের উদ্দেশ্য সরকারকে গালাগাল করা নয়। হাসিনাকে আমরা কোনো দিন গালি দিই নাই।’ তিনি এর আগে গত ১১ এপ্রিল চট্টগ্রামের লালদীঘি ময়দানে এক সমাবেশে ‘সরকার, আওয়ামী লীগ ও ছাত্রলীগকে বন্ধু’ বলে সম্বোধন করেছিলেন।
৫ মের ঘটনায় কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি দেয়নি হেফাজত। আল আমানাহ ফাউন্ডেশন নামের একটি সংগঠন গতকাল এ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতের আমির। তিনি ৫ মে শাপলা চত্বরে ও পরদিন হাটহাজারীতে নিহতদের জন্য এবং ‘নাস্তিক, মুরতাদ ও কাদিয়ানীদের হাত থেকে দেশকে হেফাজতের’ জন্য দোয়া করেন।
সমাবেশে হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেন, ইসলামকে নিশ্চিহ্ন করতে নাস্তিক-মুরতাদরা উঠেপড়ে লেগেছে। তাদের সঙ্গে কোনো বন্ধুত্ব নয়। তিনি বলেন, হেফাজতে ইসলাম ভাঙেনি। এখানে কোনো কোন্দল নেই।
হেফাজতের জ্যেষ্ঠ নায়েবে আমির মহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম মহাসচিব সাহেদুর রহমান, মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক আনাস মাদানী, নোমান ফয়েজী, হাটহাজারী উপজেলার ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন প্রমুখ।
ঢাকায় পৃথক কর্মসূচি: ৫ মের ঘটনায় হতাহতদের স্মরণে গতকাল রাজধানী ঢাকায় পৃথক তিনটি কর্মসূচি পালিত হয়। খেলাফত আন্দোলন কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ করে। সংগঠনের নেতারা ৫ মে শাপলা চত্বরে ‘গণহত্যা’ হয়েছে দাবি করে এর জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে বক্তব্য দেন।
খেলাফত আন্দোলন ‘কালিমা ও জাতীয় পতাকা’ মিছিল নিয়ে শাপলা চত্বরে সমাবেশের কর্মসূচি দিয়েছিল। কিন্তু বিপুলসংখ্যক পুলিশ সকালেই মাদ্রাসার ফটকে অবস্থান নেয়। এ অবস্থায় ফটকে তালা লাগিয়ে ভেতরে সমাবেশ করে সংগঠনটি। খেলাফতের আমির শাহ আহমাদুল্লাহ আশরাফের সভাপতিত্বে সমাবেশে জাফরুল্লাহ খান, মুজিবুর রহমান হামিদী, ফখরুল ইসলাম, আবু জাফর কাসেমী, শেখ গোলাম আসগর প্রমুখ বক্তব্য দেন।
দুপুরে বারিধারা জামিয়া মাদানিয়া মাদ্রাসায় হেফাজতের ব্যানারে আলোচনা ও দোয়া অনুষ্ঠান করে জমিয়তে উলামায়ে ইসলাম। হেফাজতের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে এতে বক্তৃতা করেন আবদুর রব ইউসুফী, ফজলুল করিম, শফিক আহমেদ প্রমুখ। এ ছাড়া চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলন পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা ও দোয়ার আয়োজন করে।