হাসিনার সম্মানে ভারতের রাষ্ট্রপতির নৈশভোজ যোগ দিচ্ছেন মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ এপ্রিল রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে দেওয়া ভারতের রাষ্ট্রপতির নৈশভোজে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। তিনি শেখ হাসিনার সঙ্গে কলকাতা-খুলনা-ঢাকার মধ্যে বাস পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ এপ্রিল তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আসছেন। তাঁর সম্মানে দেওয়া নৈশভোজে যোগ দিতে রাষ্ট্রপতি ভবন থেকে মমতাকে আমন্ত্রণ জানানো হলেও শুরুতে তিনি ইতিবাচক সাড়া দেননি। এরপর রাষ্ট্রপতি নিজে টেলিফোনে মমতাকে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে মমতা শুক্রবার দিল্লি যাচ্ছেন।
রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। নৈশভোজে মমতার উপস্থিত থাকা নিয়ে রাজনৈতিক মহলে সংশয় ছিল। কারণ বাংলাদেশের সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পাদন নিয়ে এখনো ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে মমতার ঐকমত্য হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি সম্পাদনে সবুজ সংকেত দিলেও আপত্তি তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিয়েছিলেন, তিনি চুক্তির পক্ষে। তবে পশ্চিমবঙ্গের স্বার্থ বিসর্জন দিয়ে তিনি চুক্তি করতে চাইছেন না। ফলে রাজনীতির এই আবহে রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে মমতা উপস্থিত থাকবেন কি না তা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে রাষ্ট্রপতি মমতাকে ফোন করার পর পরিস্থিতি পাল্টে যায়।

কলকাতা-খুলনা-ঢাকার মধ্যে বাস পরিষেবা চালু হতে যাচ্ছে
কলকাতা-ঢাকা, কলকাতা-আগরতলার পর এবার কলকাতা-খুলনা-ঢাকার মধ্যে বাস পরিষেবা চালু হচ্ছে। গত বছরের ৩০ আগস্ট কলকাতা-খুলনার মধ্যে পরীক্ষামূলক বাস যাত্রার সূচনা করেছিলেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার কলকাতা-খুলনা-ঢাকার মধ্যে বাস চলাচল শুরুর উদ্যোগ নিয়েছে দুই দেশ। তবে এই বাস পরিষেবা কলকাতা-বেনাপোল-যশোর-খুলনা হয়ে মাওয়ার পথে পদ্মা নদী পার হয়ে ঢাকা পৌঁছাবে।
শ্যামলী যাত্রী পরিবহনের কর্ণধার অবনী ঘোষ আজ বুধবার প্রথম আলোকে বলেছেন, রাজ্য সচিবালয় নবান্ন থেকে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী শনিবার পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্ন থেকে এই পরিষেবা চালু হবে। দিল্লিতে দুই দেশের প্রধানমন্ত্রী রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই বাস পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করবেন।

১৯৯৮ সালে প্রথম কলকাতা-ঢাকার মধ্যে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছিল। এখনো এই বাস রোববার ছাড়া প্রতিদিনই চলছে ঢাকা ও কলকাতার মধ্যে। ২০১৫ সালে কলকাতা-ঢাকা-আগরতলার মধ্যেও চালু করা হয়েছে যাত্রীবাহী বাস চলাচল। সেই বাসও রোববার ছাড়া প্রতিদিন চলছে।