হাসিমপুরে স্কুলের নতুন ভবন উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী
দিনাজপুরের খানসামা উপজেলার হাসিমপুর উচ্চবিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার এর উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গতকাল দুপুর ১২টায় ভবন উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আধুনিক, বিজ্ঞানমনস্ক, সংস্কৃতিবান এবং মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ করে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। বিদ্যালয়ে নতুন ভবন হয়েছে। এখন স্কুলে লেখাপড়ার মান উন্নত করতে হবে। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের আরও যত্নশীল হতে হবে।বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ছলিম উদ্দিন শাহের সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম জিয়াউল ইসলাম। পরে মন্ত্রী স্থানীয় পাকেরহাট বাজার পরিদর্শনে যান। সেখানে গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত-শিবিরের কর্মীদের হামলার শিকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়িঘরসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরে আঙ্গারপাড়া ইউনিয়নের গুড়িপাড়া গ্রামে গত ২৬ মার্চ আগুনে পুড়ে যাওয়া ৩৬টি বাড়িঘর পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে নগদ অর্থ, টিন এবং চাল বিতরণ করেন।