হাসিমুখে স্কয়ার হাসপাতাল ছেড়ে সিআরপিতে খাদিজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বখাটের হামলায় আহত সিলেটের কলেজছাত্রী খাদিজাকে স্কয়ার হাসপাতাল থেকে সাভারের সিআরপিতে নেওয়া হয়। এ সময় তিনি হাত দেখিয়ে শুভেচ্ছা জানান l ছবি: প্রথম আলো
বখাটের হামলায় আহত সিলেটের কলেজছাত্রী খাদিজাকে স্কয়ার হাসপাতাল থেকে সাভারের সিআরপিতে নেওয়া হয়। এ সময় তিনি হাত দেখিয়ে শুভেচ্ছা জানান l ছবি: প্রথম আলো

হাসিমুখে রাজধানীর স্কয়ার হাসপাতাল ছেড়েছেন খাদিজা বেগম। গতকাল সোমবার এ হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাঁকে পরবর্তী চিকিৎসার জন্য নেওয়া হয়েছে সাভারে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি)। তিন মাসের মধ্যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী সিআরপির চিকিৎসকেরা।
গত ৩ অক্টোবর সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা বেগম প্রায় দুই মাস চিকিৎসাধীন ছিলেন স্কয়ার হাসপাতালে।
খাদিজার ওপর হামলার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় আজ মঙ্গলবার সিলেটের মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। এ মামলার একমাত্র আসামি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র বদরুল আলম কারাগারে আছেন।
এমসি কলেজ কেন্দ্রে বিএ (পাস কোর্স) পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বদরুল। জনতা ধাওয়া করে তাঁকে ধরে পুলিশে দেয়।
সিআরপিতে খাদিজার চিকিৎসার জন্য ছয় সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। টিমের প্রধান সিআরপির মেডিকেল সার্ভিস উইংয়ের প্রধান চিকিৎসক সাঈদ উদ্দিন বলেন, তিন মাসের পরিকল্পনা করে তাঁকে চিকিৎসা দেওয়া হবে।