হাসিমুখে হাসপাতাল ছাড়ল তোফা ও তহুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিৎ​সা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিদায় জানানো হলো তোফা-তহুরাকে। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
চিকিৎ​সা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিদায় জানানো হলো তোফা-তহুরাকে। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

গায়ে গোলাপি রঙের ফ্রক। পায়ে গোলাপি জুতা। মাথায় একই রঙের ফুলতোলা ব্যান্ড। হাতে চুড়ি, গলায় চেইন। কপালে ছোট কালো টিপ। কপালের এক পাশে বড় করে নজরটিপ। এভাবে গতকাল রোববার সাজুগুজু করে বাবা রাজু মিয়া ও মা শাহিদা বেগমের কোলে উঠে বাড়ির উদ্দেশে তোফা ও তহুরা হাসপাতাল ছাড়ে।

গতকাল দুপুরে (অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা হওয়া) তোফা ও তহুরা বাড়ি ফেরার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়ে। নিরাপদে বাড়ি পাঠাতে হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। গত ১৬ জুলাই যমজ বোন তোফা-তহুরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে ভর্তি করা হয়। পিঠের নিচ থেকে কোমরের নিচ পর্যন্ত পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে জন্মেছিল গাইবান্ধার তোফা-তহুরা। চিকিৎসাবিজ্ঞানে একে ‘পাইগোপেগাস’ বলা হয়। বাংলাদেশে এ ধরনের শিশুদের অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করার ঘটনা এই প্রথম। ১ আগস্ট চিকিৎসকদের ২০ থেকে ২২ জনের একটি দল দীর্ঘ নয় ঘণ্টার অস্ত্রোপচার শেষে জোড়া লাগা তোফা ও তহুরাকে আলাদা করেন। এরও আগে গত বছরের ৮ অক্টোবর জন্মের আট দিনের মাথায় তাদের প্রথম নবজাতক বিভাগে ভর্তি করা হয়। তখন অস্ত্রোপচারের মাধ্যমে ওদের পেটের মধ্যে পায়খানার রাস্তা করে দেওয়া হয়। আগামী ২৯ সেপ্টেম্বর তোফা ও তহুরার প্রথম জন্মদিন।

তোফা ও তহুরাকে হাসপাতাল থেকে বিদায় জানাতে শিশু সার্জারি বিভাগের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সভাকক্ষে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। সেখানে মা-বাবার কোলে ছিল তোফা ও তহুরা। কখনো কাঁদছে, কখনো হাসছে। সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে তারা। বাবা-মায়ের মুখেও হাসি লেগে ছিল সারাক্ষণ। গণমাধ্যমকর্মীদের ক্যামেরার ক্লিক ক্লিক চলছিল সারাক্ষণ। আর তোফা ও তহুরা কিছুক্ষণ পরপর মুখ দিয়ে বিভিন্ন আওয়াজ করে জানান দিচ্ছিল তাদের উপস্থিতি।

তোফা ও তহুরাকে বিদায় জানাতে আয়োজিত অনুষ্ঠানে তাদের বাবা-মায়ের হাতে ছাড়পত্র তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি তোফা ও তহুরাকে কোলে নিয়ে আদরও করেন। তিনি বলেন, চিকিৎসকেরা তোফা ও তহুরাকে নতুন জীবন দিয়েছেন। প্রধানমন্ত্রী ও দেশবাসীর পক্ষ থেকে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চিকিৎসক দলকে শুভেচ্ছা জানান তিনি। বাবা-মায়ের কোলে করে বাড়ি ফিরছে তারা, বাবা-মায়ের কাছে এর চেয়ে বড় আনন্দের আর কিছু নেই। তোফা-তহুরার প্রতি সবাই যাতে সহযোগিতার হাত বাড়ান, সেই আহ্বান জানিয়ে তিনি বলেন, এদের সাহায্য সহযোগিতা করলে ভবিষ্যতে হয়তো তারা নিজেরাই একেকজন চিকিৎসক হয়ে রোগীর সেবা করবে। অনুষ্ঠানে জানানো হয়েছে, হাসপাতালের শিশু সার্জারি বিভাগ থেকে বাবা রাজু মিয়া ও মা শাহিদা বেগমের নামে একটি যৌথ হিসাব খুলে দেওয়া হয়েছে (ডাচ্‌-বাংলা ব্যাংক, হিসাব নম্বর ১৩৯১৫১৭৩৭৪০, ইমামগঞ্জ শাখা)। তাঁরা দুই মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

তোফা ও তহুরার বাবা রাজু মিয়া গাইবান্ধায় কৃষিকাজ করেন। অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে রাজু মিয়ার জন্য ঢাকায় চাকরির ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানানো হলে স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি দেখার আশ্বাস দেন। তোফা ও তহুরার আরও দুটি অস্ত্রোপচার বাকি আছে। এ ছাড়া মাসে মাসে ফলোআপ করতে ঢাকায় আসতে হবে।

শুরু থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক সাহনূর ইসলামের তত্ত্বাবধানে ছিল তোফা ও তহুরা। তিনি বলেন, হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই তোফা ও তহুরাকে সফলভাবে আলাদা করা সম্ভব হয়েছে। ওরা এখন ভালো আছে। তোফা বসতে শুরু করেছে। এখন ওদের পুনর্বাসনের দিকে সবাইকে নজর দিতে হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, চিকিৎসা শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, অধ্যক্ষ অধ্যাপক খান আবুল কালাম আজাদ, হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কালাম, শিশু সার্জারি বিভাগের অধ্যাপক আবদুল হানিফ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।