হাসির সঙ্গে কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-মেয়ের ছবি তুলে দিচ্ছেন বাবা। আনন্দের মুহূর্তকে কে না চায় ক্যামেরাবন্দী করতে। অন্যদিকে গ্রুপ সেলফির হিড়িক। নাচানাচি তো আছেই। তবে কোনায় কোনায় কান্নারত শিক্ষার্থীদের দেখাও মিলল। কেউ কেউ ক্ষোভে শিক্ষাব্যবস্থাকেই তুলোধুনো করলেন। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এইচএসসির ফলাফল পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা আনন্দ ও হতাশা দুটিই প্রকাশ করলেন। 

আজ রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩৭ হাজার ৯৬৯ জন। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৯ দশমিক ৬২ শতাংশ। এ শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস সাংবাদিকদের সামনে ফলাফল তুলে ধরেন। তিনি বলেন, মোট পরীক্ষার্থী ১ হাজার ৮২১ জন। পাস করেছে ১ হাজার ৮১৪ জন। এর মধ্যে ৯৫৪ জন পেয়েছেন জিপিএ-৫।
মেয়েকে নিয়ে ১২ বছরের সাধনার ফল পেয়ে মা নীলাঞ্জনা বসু খুব খুশি। মেয়ে দীপান্বিতা বসু বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। তিনি বলেন, ‘এবার সারা দেশেই এ প্লাসের সংখ্যা কম। কিন্তু আমি তাঁদের একজন। এ জন্য খুব ভালো লাগছে। এখন লক্ষ্য বুয়েট।’

মোবাইল ফোনে পরীক্ষার ফল দেখে হতাশ এক শিক্ষার্থী। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
মোবাইল ফোনে পরীক্ষার ফল দেখে হতাশ এক শিক্ষার্থী। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

ক্যামেরা হাতে বাবা এ বি এম জাকারিয়া। মেয়ে নওরীন জাকারিয়া মায়ের সঙ্গে দাঁড়িয়ে গেলেন ছবি তুলতে। মা-বাবার মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছে মেয়ের ফলাফলে তাঁরা কতটা খুশি। ফল জানার জন্য একটু পরপর ফোন বেজে উঠছে, কিন্তু কত ফোন ধরবেন। কিছু ফোনের উত্তর দিয়ে তানজিলা ইরাশ মিশে গেলেন উচ্ছ্বাসে মেতে ওঠার ভিড়ে। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন তিনি।
কাঙ্ক্ষিত ফল সবার হয়নি। কেউ কেউ ক্ষোভে ফেটে পড়লেন। অভিভাবক শাহনাজ আলম বলেন, ‘আমার মেয়ের পরীক্ষা খারাপ হয়নি। সৃজনশীলই ওদের ক্ষতি করেছে। টিচাররাই তো অনেক কিছু বুঝতে পারেন না।’ মেয়ের ফলাফল পুনর্মূল্যায়নের জন্য আবেদন করবেন। তাঁর মেয়ে তাহরিমা আলম জেবা মানবিক বিভাগ থেকে জিপিএ-৪ পেয়েছে। ফলাফলে অসন্তুষ্ট তাহরিমা বলেন, ‘এটা কি দেশের উন্নতি? এই কি শিক্ষার অবস্থা?’
মাঠের পাশে বেঞ্চে বসে কাঁদছেন একজন। সহপাঠীরা সান্ত্বনা দিচ্ছেন। কথা বলতে অনিচ্ছুক। সহপাঠীরা বলেন, আশানুরূপ ফল হয়নি। একটুর জন্য জিপিএ-৫ পাওয়া হয়নি সৈয়দা তানিয়া লাবণ্যর। তাঁর বোন সৈয়দা সানিয়া বলেন, ‘ও অনেক চেষ্টা করেছেন। কিন্তু এমন কেন হলো বুঝলাম না। ওর বিভাগের প্রায় সবারই এমন হয়েছে।’ সৈয়দা তানিয়া কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিয়েছিল। এ বিভাগ থেকে ২৪৩ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ জন। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে ২৯০ জনের মধ্যে ২৩ জন পেয়েছেন জিপিএ-৫। বিজ্ঞান বিভাগে ১ হাজার ২৮৮ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯২১ জন।
অধ্যক্ষ নাজনীন ফেরদৌস কলেজের ফলাফলে সন্তুষ্টির কথা জানিয়ে বলেন, ‘সারা দেশের তুলনায় আমাদের অবস্থা ভালো। আমাদের ধারাবাহিকতা ঠিক আছে।’ নিজ প্রতিষ্ঠান ও সারা দেশের ফলাফল সম্পর্কে ভিকারুননিসার রসায়নের বিভাগীয় প্রধান বদরুল আলম প্রথম আলোকে বলেন, ‘যেসব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের টেককেয়ার করেছে, তারাই ভালো করেছে। এ ছাড়া অভিভাবকদের আরও সচেতন হতে হবে।’ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ কিছুটা কমে গেছে মনে করে তিনি বলেন, রাত জাগার কারণে অনেকেই ক্লাসে ঘুমিয়ে পড়েন। কিন্তু সেটা পড়ার জন্য হলে শিক্ষার্থীদেরই উপকার হতো।